পুরোনো সিলেবাসের প্রশ্নে এইচএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ
টাঙ্গাইলের সখীপুরে সরকারি মুজিব কলেজ কেন্দ্রের এইচএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থীদের পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। আজ রোববার অনুষ্ঠিত বাংলা প্রথমপত্র পরীক্ষায় ওই কেন্দ্রের একটি কক্ষে ২০১৬ সালের সিলেবাস অনুযায়ী প্রশ্ন সরবরাহ না করে ২০১৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র সরবরাহ করা হয়।
পরে শিক্ষার্থীরা বিষয়টি আঁচ করতে পেরে কক্ষের দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে জানালেও কোনো প্রতিকার পায়নি। এর ফলে পরীক্ষা খারাপ হওয়ায় পরীক্ষা শেষে অনেক পরীক্ষার্থী কান্নাকাটি করে।
কয়েকজন পরীক্ষার্থী জানায়, সখীপুর সরকারি মুজিব কলেজ কেন্দ্রে সখীপুর আবাসিক মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা অংশ নেয়। ওই কেন্দ্রের ২০৬ নম্বর কক্ষে পুরোনো সিলেবাসের কোনো পরীক্ষার্থী ছিল না। তার পরও সেখানে ২০১৬ সালের প্রশ্ন না দিয়ে ২০১৫ সালের পুরোনো সিলেবাসের বহু নির্বাচনী প্রশ্নপত্র (এমসিকিউ) সরবরাহ করা হয়।
জানতে চাইলে সরকারি মুজিব কলেজের কেন্দ্রসচিব আব্বাছ উদ্দিন তালুকদার প্রথম আলোকে বলেন, ‘ভুলবশত একটি কক্ষে পুরোনো সিলেবাসের প্রশ্ন সরবরাহ করা হয়েছে বলে শুনেছি। কীভাবে এটা হলো, তা খতিয়ে দেখা হচ্ছে। সমাধানের জন্য ঢাকা শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গেও কথা বলেছি।’
ওই কক্ষের দায়িত্বে ছিলেন সরকারি মুজিব কলেজের ইংরেজি বিষয়ের প্রভাষক মজিবর রহমান। এ ব্যাপারে জানতে তাঁর মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
সখীপুর আবাসিক মহিলা কলেজের পরীক্ষার্থী নাহিদা ইসলাম প্রথম আলোকে বলে, ‘এখন আমার কী হবে। ওই প্রশ্নে পরীক্ষা দেওয়ায় আমি নির্ঘাত ফেল করব। বাকি পরীক্ষা দিয়ে কী লাভ হবে? খুবই দুশ্চিন্তায় আছি।’
সখীপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ রেনুবর রহমান বলেন, ‘আমার কলেজের কমপক্ষে ১০ জন পরীক্ষার্থী এ ব্যাপারে আমার কাছে অভিযোগ করেছে। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রককে বিষয়টি জানিয়েছি।’
সখীপুরের ইউএনও আরিফা সিদ্দিকা প্রথম আলোকে বলেন, ‘ভুল প্রশ্ন সরবরাহের অভিযোগ পেয়েছি। তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’