পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা দিল ২০ পরীক্ষার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের এসএসসির সিলেবাস অনুযায়ী করা প্রশ্নে হিসাববিজ্ঞান বিভাগের পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার কক্সবাজারের টেকনাফের এজাহার বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে এ ঘটনা ঘটেছে। কেন্দ্রের ১১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২০ জনকে ওই প্রশ্নে পরীক্ষা দিতে হয়েছে। পরীক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকেরাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন।
পুরোনো সিলেবাস অনুযায়ী করা প্রশ্নের কারণে পরীক্ষা ভালো হয়নি বলে জানায় পরীক্ষার্থীরা। তাদের বক্তব্য, প্রশ্ন হাতে পাওয়ার পর বিষয়টি সঙ্গে সঙ্গে কর্তব্যরত শিক্ষক ও কেন্দ্রসচিবকে জানানো হয়। কিন্তু তাঁরা কোনো ব্যবস্থা নেননি।
এজাহার বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের সচিব শিউলী রানী চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কেন্দ্রের পাঁচটি কক্ষে মধ্যে ৩ নম্বর কক্ষে এ সমস্যা হয়েছে।
এ বিষয়ে টেকনাফ উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আবসার বলেন, কেন্দ্রসচিবের অবহেলায় এ ধরনের ঘটনা ঘটেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউল আলম বলেন, বিষয়টি চট্টগ্রাম শিক্ষা বোর্ডকে অবহিত করা হয়েছে।
জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে শুনেছি। শিক্ষার্থীরা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই ব্যবস্থা নেওয়া হবে।’