পুরোনো স্থাপনা ভাঙার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার ঐতিহ্যবাহী সব স্থাপনা ধ্বংস, শাঁখারীবাজারের ভবন ভাঙার প্রতিবাদে আরবান স্টাডি গ্রুপ গতকাল বাহাদুর শাহ পার্কের সামনে মানববন্ধন করে l প্রথম আলো
পুরান ঢাকার ঐতিহ্যবাহী সব স্থাপনা ধ্বংস, শাঁখারীবাজারের ভবন ভাঙার প্রতিবাদে আরবান স্টাডি গ্রুপ গতকাল বাহাদুর শাহ পার্কের সামনে মানববন্ধন করে l প্রথম আলো

পুরান ঢাকার শাঁখারীবাজারের ৬৪ নম্বর প্লটে অবস্থিত প্রায় সাড়ে তিন শ বছর আগে মোগল আমলে নির্মিত তিনতলা ভবনটি ভেঙে ফেলা হচ্ছে। মোগল স্থাপত্যকলার নিদর্শন এ ভবনটি জরাজীর্ণ অবস্থায় থাকলেও এর স্থাপত্যিক বৈশিষ্ট্য অপরিবর্তিত ছিল।
এ স্থাপনা ভেঙে ফেলার প্রতিবাদে গতকাল রোববার বাহাদুর শাহ পার্কের সামনে মানববন্ধন করেছে আরবান স্টাডি গ্রুপ এবং ইউএসজি-ভলান্টিয়ার্স। এ সময় পুরান ঢাকার সব ঐতিহ্যবাহী স্থাপনা ধ্বংসের কার্যক্রম বন্ধ এবং স্থাপনাগুলো সংরক্ষণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানানো হয়।
মানববন্ধনে বলা হয়, সরকার গত ২০০৯ সালে শাঁখারীবাজারসহ ঢাকার ১৩টি সড়ককে চারটি অঞ্চলে ভাগ করে ঐতিহ্যবাহী এলাকা হিসেবে সংরক্ষিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। নগর উন্নয়ন কমিটির অনুমোদন ছাড়া এই সড়কগুলোতে অবস্থিত পুরোনো স্থাপনাসমূহে কোনো পরিবর্তন, পরিবর্ধন ও অপসারণ সম্পূর্ণ অবৈধ। প্রচলিত রীতি অনুসারে নগর উন্নয়ন কমিটি প্রত্নতত্ত্ব বিভাগের পরামর্শ সাপেক্ষে এ অনুমোদন দিয়ে থাকে। আরবান স্টাডি গ্রুপের প্রধান নির্বাহী তাইমুর ইসলাম বলেন, প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, এই ভবনের ক্ষেত্রে কোনো ছাড়পত্র দেওয়া হয়নি। ফলে ভবনটি ভেঙে ফেলার ঘটনা কেবল অবৈধই নয়, দেশের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি হুমকিস্বরূপ। ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণে প্রত্নতত্ত্ব বিভাগ ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষসহ সরকারি দপ্তরগুলোর নির্লিপ্ততার কারণে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ভবনগুলো নিশ্চিহ্ন হতে চলেছে বলেও তিনি দাবি করেন।
মানববন্ধনে জানানো হয়, শাঁখারীবাজারের পুরোনো তিনতলা ভবনটির বর্তমান মালিক আইনের তোয়াক্কা না করে নিজ উদ্যোগে ভবনটি ভেঙে ফেলেছেন। হাইকোর্টের অন্তত আধা ডজন রায়ে ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণের জন্য সরকারের প্রতি বারবার রুল জারি করা সত্ত্বেও প্রত্নতত্ত্ব বিভাগ ও রাজউকসহ সরকারি দপ্তরগুলোর নির্লিপ্ততার ফলে শাঁখারীবাজারের ঐতিহ্যবাহী ভবনগুলো নিশ্চিহ্ন হতে চলেছে।