পুরোনোতেই ভরসা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার নয়টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে পুরোনোদের দলীয় মনোনয়ন দিচ্ছে বিএনপি। নয় পৌরসভাতেই গতবারের প্রার্থীদের মনোনয়ন অনেকটা নিশ্চিত। তবে আওয়ামী লীগের প্রার্থী তালিকার বেশির ভাগই নতুন মুখ। বগুড়া সদরসহ তিন পৌরসভায় পুরোনোদের রেখে প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দলটি।
আওয়ামী লীগ গতকাল মঙ্গলবার দলীয় মনোনয়ন চূড়ান্ত করে। রাতে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের তালিকা প্রকাশ করার কথা। দুই দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বগুড়া পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়েছে গতবারের প্রার্থী ও পৌরসভার সাবেক চেয়ারম্যান রেজাউল করিমকে। আর বিএনপির মনোনয়ন পাচ্ছেন বর্তমান মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি এ কে এম মাহাবুবার রহমান। এবার দুই দলেই একক মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই দুই নেতা।
এদিকে নন্দীগ্রাম পৌরসভার বর্তমান মেয়র সুশান্ত কুমার শান্তকে দলীয় মনোনয়ন দিচ্ছে বিএনপি। এখানে গতবারের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী দেয়নি। এবার আওয়ামী লীগ মেয়র পদে দলীয় মনোনয়ন দিয়েছে উপজেলা আওয়ামী লীগের প্রস্তাবিত কমিটির সহসভাপতি রফিকুল ইসলামকে। সাত-আটজন ভোটার ও দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০০৮ সালে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন রফিকুল ইসলাম। এ ছাড়া ২০০৪ সালে বগুড়া-৪ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র থেকে সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছিলেন তিনি। তবে দুটি নির্বাচনেই তিনি জামানত হারিয়েছেন। জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, ‘উপজেলা নির্বাচনে জামানত হারিয়েছি এটা সত্য। তবে সংসদ নির্বাচনে জামানত হারাইনি।’ তিনি বলেন, এখন আর সেই অবস্থা নেই। এখন আওয়ামী লীগের ভোট অনেক বেড়েছে।
গাবতলীতে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলামকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। বিএনপির প্রার্থী হচ্ছেন বর্তমান মেয়র সাইফুল ইসলাম। মমিনুল ইসলাম বলেন, গাবতলীর রাজনৈতিক চিত্র পাল্টে গেছে। আওয়ামী লীগের উন্নয়নে এখানকার ভোটাররা এখন সরকারের ওপর আস্থা রাখতে চায়। সাইফুল ইসলাম বলেন, ‘গাবতলীর মানুষের রক্তের সঙ্গে শহীদ জিয়াউর রহমানের আদর্শ মিশে আছে। ব্যালটেই সরকারের দুঃশাসনের জবাব দেবেন ভোটাররা।’
সারিয়াকান্দি পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহীকে মনোনয়ন দিয়েছে দল। আর বিএনপি মনোনয়ন দিচ্ছে বর্তমান মেয়র টিপু সুলতানকে।
কাহালু পৌরসভার বর্তমান মেয়র ও উপজেলা কমিটির সভাপতি হেলাল উদ্দিন কবিরাজকে এবারও মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। অন্যদিকে বিএনপির মনোনয়ন পাচ্ছেন আবদুল মান্নান।
গতকাল সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ ও বিএনপির দায়িত্বশীল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই পাঁচ পৌরসভা ছাড়াও অন্য চার পৌরসভায় দুই দলই দলীয় মনোনয়ন দিয়েছে। এর মধ্যে সান্তাহার পৌরসভায় বিএনপি বর্তমান মেয়র তোফাজ্জল হোসেন ও আওয়ামী লীগ উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলামকে মনোনয়ন দিয়েছে। গতবারের নির্বাচনে এখানে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোরশেদকে প্রায় তিন হাজার ভোটে হারিয়ে মেয়র হয়েছিলেন তোফাজ্জল হোসেন।
ধুনট পৌরসভার বর্তমান মেয়র এ জি এম বাদশাহকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। এখানে দলটি মনোনয়ন দিয়েছে গতবারের নির্বাচনে তৃতীয় অবস্থানে থাকা শরিফুল ইসলাম খানকে। অন্যদিকে বিএনপি এখানে গতবারের প্রার্থী আলিমুদ্দিন হারুনকে মনোনয়ন দিয়েছে।
শেরপুর পৌরসভায় বিএনপি মনোনয়ন দিচ্ছে বর্তমান মেয়র স্বাধীন কুমার কুণ্ডুকে। তিনি গতবার ৬ হাজার ৪০১ ভোট পেয়েছিলেন। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুস সাত্তার পেয়েছিলেন ৫ হাজার ৮৩৭ ভোট। আবদুস সাত্তারকে আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছে বলে দলের একটি দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।
শিবগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র আবদুল মতিনকে মনোনয়ন দিচ্ছে বিএনপি। আর আওয়ামী লীগ এখানে প্রার্থী ঘোষণা করেছে তৌহিদুর রহমানকে। গতবার আবদুল মতিন এখানে ৭ হাজার ৩২০ ভোট পেয়ে মেয়র হয়েছিলেন। তৌহিদুর রহমান ছিলেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন নয় পৌরসভায় দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমানও মেয়র পদে সব কটি পৌরসভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি নিশ্চিত করেন।