পুরোনোদের হতাশ করে তরুণ প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে নামীদামি প্রার্থীদের হতাশ করে উপজেলা ছাত্রদলের সভাপতি জাকির হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। গণতান্ত্রিক পন্থায় প্রার্থী বাছাই না করার অভিযোগ উঠেছে শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে।
নলডাঙ্গা উপজেলা বিএনপি সূত্রে জানা যায়, নলডাঙ্গা পৌরসভার আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থী হিসেবে উপজেলা ছাত্রদলের সভাপতি জাকির হোসেনকে মনোনীত করা হয়েছে। তাঁর সঙ্গে এ পদে মনোনয়নপ্রত্যাশী ছিলেন পৌর বিএনপির সভাপতি ও বর্তমান মেয়র আব্বাছ আলী, জেলা বিএনপির কৃষি-বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক আবদুল হাফিজ ও উপজেলা জাসাসের সভাপতি সাঈফ মাহমুদ। তাঁদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ ঘটনায় তাঁরা হতবাক হয়েছেন। তাঁদের অভিযোগ, পৌর ও উপজেলা বিএনপির নেতাদের গোপন ভোটে প্রার্থী মনোনয়ন করা হয়নি। সেটা করা হলে প্রার্থী হয়তো অন্যজন হতে পারত। বিএনপির বলয় হিসেবে পরিচিত নলডাঙ্গা পৌরসভার নির্বাচনে নবাগত একজন প্রার্থী বাছাই করায় সাধারণ ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে।
জাহাঙ্গীর হোসেন নামের বিএনপির একজন কর্মী বলেন, অভিজ্ঞতার দিক থেকে তাঁদের প্রার্থী বাছাই সঠিক মনে না হলেও তাঁরা হতাশ নন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তরুণদের হাতে নেতৃত্ব দেওয়া সঠিক বলে তিনি মনে করেন। তবে পৌর বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, যাঁরা দীর্ঘদিন ধরে দলের জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন, তাঁদের কথা না ভেবে শুধু তরুণ বলেই প্রার্থী বেছে নেওয়ায় জ্যেষ্ঠ নেতারা মনে কষ্ট পেয়েছেন।
এ প্রসঙ্গে উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সাখাওয়াত হোসেন বলেন, গত ২৮ নভেম্বর জেলা, উপজেলা ও পৌর কমিটির নেতারাসহ জ্যেষ্ঠ নেতাদের নিয়ে আলাপ-আলোচনা করে প্রার্থী হিসেবে জাকির হোসেনকে মনোনীত করা হয়েছে। সবার বিশ্বাস, তিনি যোগ্য প্রার্থী। নামীদামি প্রার্থীদের বাদ দেওয়ার ব্যাপারে তিনি বলেন, তাঁরা অভিজ্ঞ নেতা। তাঁরা বয়স ও অসুস্থতার কারণে পর্যাপ্ত সময় দিতে পারেন না। তাঁদের পরামর্শ নিয়ে তরুণেরা দায়িত্ব পালন করলে দলের সুনাম হবে।