পুরোপুরি হকারমুক্ত হয়নি গুলিস্তানের ফুটপাত
টানা উচ্ছেদ অভিযানের পরও গুলিস্তানে ফুটপাত একেবারে হকারমুক্ত হয়নি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বেঁধে দেওয়া নির্দিষ্ট সময়ের আগেই পণ্যের পসরা নিয়ে ফুটপাত ও সড়কে বসে পড়ছেন বেশ কিছু হকার। এতে পথচারীদের চলাচল বাধাগ্রস্ত ও সড়কে যানজটের সৃষ্টি হচ্ছে৷
আজ রোববার গুলিস্তান এলাকা থেকে হকারদের উচ্ছেদে ষষ্ঠ দিনের মতো অভিযান চালিয়েছে ডিএসসিসি। তবে পুরানা পল্টন, বায়তুল মোকাররম ও মতিঝিলের ফুটপাতের চিত্র অনেকটাই বদলে গেছে। এসব এলাকায় দিনের বেলা তেমন অবৈধ দোকানপাট বসে না। স্বচ্ছন্দে চলাচল করতে পারছেন পথচারীরা।
আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই এলাকাগুলোতে সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে। এ সময় পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।
১৫ জানুয়ারি থেকে কর্মদিবসে দিনের বেলা গুলিস্তান ও আশপাশের এলাকায় ফুটপাতে হকার বসা নিষিদ্ধ করে ডিএসসিসি। নিয়ম অনুযায়ী সন্ধ্যা সাড়ে ছয়টার পর ফুটপাতে তাঁদের ব্যবসা করার কথা। কিন্তু হকাররা তা না মানায় ওই দিন থেকেই লাগাতার উচ্ছেদ অভিযান চলছে।
সরেজমিনে দেখা গেছে, আজ সকাল সাড়ে সাতটায় গুলিস্তানের ঢাকা ট্রেড সেন্টারের পূর্ব-পশ্চিম ও দক্ষিণ পাশের ফুটপাত এবং সড়কের পাশে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসছেন ২৫ থেকে ৩০ জন হকার। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফুটপাতে হকারের সংখ্যাও বাড়তে থাকে। বেলা ১১টা পর্যন্ত এই এলাকায় শতাধিক হকার বসে পড়েন। বেলা সাড়ে ১১টার উচ্ছেদ অভিযানের আগাম খবর পেয়ে নিজ উদ্যোগে মালামাল নিয়ে সরে পড়েন তাঁরা। বাকিরা ডিএসসিসির পে-লোডার দেখার পর ঝুড়িতে মালামাল নিয়ে দৌড়ঝাঁপ শুরু করেন। গুলিস্তান ট্রেড সেন্টার, গুলিস্তান শপিং কমপ্লেক্স, সুন্দরবন মার্কেট, সার্জেন্ট আহাদ পুলিশ বক্স, বঙ্গবন্ধু পাতাল মার্কেট, গোলাপ শাহ মাজার, জাতীয় গ্রন্থকেন্দ্র, বঙ্গবন্ধু অ্যাভিনিউ ও বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে প্রায় একই চিত্র দেখা গেছে। আজও এই এলাকাগুলো থেকে দুই শতাধিক হকার উচ্ছেদ করা হয়। তাঁদের ব্যবহৃত আসবাব পেলোডার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে পুরানা পল্টন, বায়তুল মোকাররমের পশ্চিম পাশের সড়ক ও ফুটপাত, উত্তর ফটক, দৈনিক বাংলা, মতিঝিল, দিলকুশা, ইত্তেফাক মোড়ে তেমন কোনো হকার দেখা যায়নি। এসব এলাকায় স্বচ্ছন্দে চলাচল করছেন পথচারীরা। সব কটি ফুটপাত পরিষ্কার। তবে বিকেল চারটার পরপরই ওই এলাকাগুলোতে আবার বসতে শুরু করেন হকাররা।
দৈনিক বাংলা থেকে বায়তুল মোকাররমের উত্তর ফটক হয়ে পুরানা পল্টন হেঁটে যাচ্ছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী সাইফুল ইসলাম। তিনি বলেন, আগে এই পথে অবৈধ দোকানের কারণে চলাচল করতে কষ্ট হতো। কয়েক দিন ধরে এই ফুটপাতে স্বচ্ছন্দে চলাচল করা যাচ্ছে। এভাবে ঢাকা শহরের সব ফুটপাত দখলমুক্ত করা দরকার।
ঢাকা ট্রেড সেন্টারের সামনের ফুটপাত দিয়ে নবাবপুরের দিকে যাচ্ছিলেন ব্যবসায়ী তারিকুল আলম দম্পতি। তাঁরা বলেন, এই এলাকার সড়ক ও ফুটপাতে দোকানপাটের কারণে ঠিকমতো চলাচল করা যায় না। একটু পরপরই বাধার সম্মুখীন হতে হয়।
আজ উচ্ছেদ অভিযানগুলো পরিচালনা করেছেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মোহাম্মদ নাজমুস শোয়েব ও মামুন সরদার। জানতে চাইলে মামুন সরদার প্রথম আলোকে বলেন, আগের তুলনায় গুলিস্তান ও আশপাশের এলাকায় হকার নেই বললেই চলে। তারপরও ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযান অব্যাহত রাখা হবে।
হকারদের পুনর্বাসনের দাবি : পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ বন্ধ করতে হকার সমন্বয় পরিষদের সঙ্গে আজ মতবিনিময় সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়। একই দাবিতে বিবৃতি দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। এ ছাড়া পুরানা পল্টনের মুক্তি ভবনে সংবাদ সম্মেলন করে একই দাবি জানিয়েছে বাংলাদেশ হকার্স ইউনিয়ন।