পুরোহিত হত্যা: আরও একজনের স্বীকারোক্তি
পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রী শ্রী সন্তু গৌড়ীয় মঠের অধ্যক্ষ যজ্ঞেশ্বর রায় হত্যা মামলায় রিমান্ডে থাকা জেএমবি সদস্য হারেজ আলী (৩৫) আজ রোববার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এরপর আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ১ মার্চ আলমগীর হোসেন (৩০) নামে অপর এক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ নিয়ে এ ঘটনায় করা পৃথক দুই মামলায় দুজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। এ মামলায় রিমান্ড শেষে ছয় আসামির মধ্যে পাঁচজনই এখন কারাগারে। আর আসামি রমজান আলী এখনো ১৮ দিনের পুলিশ রিমান্ডে রয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, পুলিশ বেলা দেড়টার দিকে হারেজ আলীকে আমলি আদালত-২ এর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মার্জিয়া খাতুনের আদালতে হাজির করা হয়। তাঁকে বিকেল চারটা পর্যন্ত ভাবার সময় দেন আদালত। চারটার দিকে তাঁকে বিচারকের খাস কামরায় নেওয়া হয়। তিনি সেখানে জবানবন্দি দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আইয়ুব আলী বলেন, হারেজ আলী ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানান, জবানবন্দিতে হারেজ আলী ঘটনার পুরো বর্ণনা দিয়েছেন। তিনি পেশায় রিকশাভ্যান চালক। তিনি জেএমবির এহসার সদস্য। তাঁকে নিয়মিত টাকা দেওয়া হতো। ঘটনায় কারা কীভাবে জড়িত ও কেন এমন ঘটনা ঘটালেন, জবানবন্দিতে পুরো বর্ণনা দিয়েছেন তিনি।
আদালতের পরিদর্শক রবিউল ইসলাম খান বলেন, হারেজ আলী ঘটনার সঙ্গে নিজের জড়িত থাকার কথা স্বীকার করায় আদালত তাঁর দুই মামলায় ১৮ দিনের রিমান্ড আদেশ বাতিল করে তাঁকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়।
গত ২১ ফেব্রুয়ারি শ্রীশ্রী সন্ত গৌড়ীয় মঠে গিয়ে দুর্বৃত্তরা যজ্ঞেশ্বর চন্দ্র রায়কে (৫০) গলা কেটে হত্যা করে। এ সময় মঠের সেবায়েত গোপাল চন্দ্রকে গুলি করা হয়।
আরও পড়ুন...
এক আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি