পুরোহিত হত্যা: এক আসামি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের পুরোহিত যজ্ঞেশ্বর চন্দ্র রায় হত্যার ঘটনায় জাহাঙ্গীর হোসেন নামের এক আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে পুলিশ তাঁকে আদালতে হাজির করলে আদালত এ নির্দেশ দেন। 

এ নিয়ে এই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার মোট ছয় আসামির মধ্যে তিনজনকে কারাগারে পাঠানো হলো। অন্য তিন আসামি পুলিশের রিমান্ডে আছেন।
গত ২১ ফেব্রুয়ারি যজ্ঞেশ্বর চন্দ্র রায়কে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় গুলিতে আহত হন মঠের সাধু গোপাল চন্দ্র রায়। এ ঘটনায় যজ্ঞেশ্বরের বড় ভাই রবীন্দ্রনাথ দেবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন। আর দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মজিবর রহমান অস্ত্র ও বিস্ফোরক আইনে আরেকটি মামলা করেন। দুই মামলায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়। এ দুই মামলায় পুলিশ খলিলুর রহমান, আলমগীর হোসেন, বাবুল হোসেন, জাহাঙ্গীর হোসেন, হারেছ আলী ও রমজান আলী নামের ছয়জনকে গ্রেপ্তার করে।
এদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষ হওয়ার আগে গত মঙ্গলবার আলমগীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ। গতকাল বৃহস্পতিবার খলিলুরকে আদালতে নিয়ে যায় পুলিশ। আদালত তাঁকেও কারাগারে পাঠানোর নির্দেশ। আজ বিকেলে জাহাঙ্গীরকে আদালতের নির্দেশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও দেবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আইয়ুব আলী সাংবাদিকদের বলেন, খলিলুর ও জাহাঙ্গীর কোনো জবানবন্দি দেননি। তবে তাঁদের কাছ থেকে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাই রিমান্ড শেষ হওয়ার আগেই তাঁদের আদালতে নিয়ে যাওয়া হয়েছে। পরে প্রয়োজন হলে তাঁদের আবারও রিমান্ড চাওয়া হবে। আসামি বাকি তিনজনকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ চলছে।