পুরোহিত হত্যা : শিবির নেতার স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী হত্যাকাণ্ডের ঘটনায় এনামুল হক (২৫) নামের এক শিবির নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি। 

আজ মঙ্গলবার রাত আটটার দিকে ঝিনাইদহ পুলিশ সুপার আলতাফ হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন।
এনামুল ঝিনাইদহ পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ড শিবিরের সেক্রেটারি। তিনি সদর উপজেলার আড়মুখ গ্রামের ফজলুল হক জোয়ারদারের ছেলে এবং শহরের হামদহ মোল্লাপাড়ায় বাস করেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সোমবার দিবাগত রাত দুইটার দিকে ঢাকার গাবতলী থেকে এনামুলকে গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে ঝিনাইদহের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ফাহমিদা জাহাঙ্গীরের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এনামুল।

পুলিশ সুপার আলতাফ হোসেন প্রেস ব্রিফিংয়ে জানান, পুরোহিত আনন্দ গোপাল হত্যার পর তাঁরা বিভিন্নভাবে হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে চেষ্টা করে যাচ্ছিলেন। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে হত্যার সঙ্গে জড়িত এনামুল হককে সোমবার রাতে ঢাকার গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি জানান, মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে তাঁকে ঝিনাইদহে আদালতে নেওয়া হয়। আদালতে পুরোহিত হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন এনামুল।
পুলিশ সুপার জানান, এনামুল হক জানিয়েছেন, পুরোহিত হত্যা মিশন সফল করতে কেন্দ্রীয় শিবিরের নির্দেশে ঝিনাইদহে সাতজন নেতা বৈঠক করেন। এর মধ্যে তিনজন হত্যার মিশনে অংশ নেন।
পুলিশের ভাষ্যমতে, ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি গ্রামে হোমিও চিকিৎসক সমির উদ্দীন খাজা এবং কালীগঞ্জের চাপালী গ্রামের শিয়া মতাদর্শে বিশ্বাসী আবদুর রাজ্জাক হত্যার সঙ্গেও ছাত্রশিবির জড়িত বলে তথ্য পাওয়া গেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
৭ জুন সকাল নয়টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার কারাতিপাড়া গ্রামের বাসিন্দা পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলীকে সন্ত্রাসীরা কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। ওই সময় তিনি বাড়ি থেকে বাইসাইকেলযোগে নলডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। পথে মহিষেরভাগার এলাকায় তাঁকে হত্যা করা হয়।