পুরোহিত হত্যার নিন্দায় ইইউ ও যুক্তরাজ্য
পঞ্চগড়ের দেবীগঞ্জে হিন্দু পুরোহিত যোগেশ্বর রায় হত্যার কঠোর নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। একই সঙ্গে নিবিড় তদন্তের মাধ্যমে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছে ইইউ।
ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু গতকাল সোমবার এক বিবৃতিতে এ নিন্দা ও শাস্তির দাবি জানান।
এদিকে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেইক নৃশংস এই হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে তাঁর টুইট অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানিয়েছেন।
যোগেশ্বর রায়কে বাঁচাতে গিয়ে গোপাল চন্দ্র রায় আহত হওয়ার ঘটনারও নিন্দা জানান মায়াদু। তিনি যোগেশ্বরের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং গোপাল রায়ের দ্রুত আরোগ্য কামনা করেন।
অ্যালিসন ব্লেইক গতকাল বিকেলে তাঁর টুইট অ্যাকাউন্টে লিখেছেন, ‘যোগেশ্বর রায় ও গোপাল চন্দ্র রায়ের ওপর নৃশংস হামলা আমাকে আতঙ্কগ্রস্ত করেছে। ধর্মীয় স্বাধীনতা সর্বজনীন অধিকার। সব ধরনের উগ্রবাদের বিরুদ্ধে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে আছে।’