সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর শ্রীশ্রী রাধাগোবিন্দ মন্দিরের পুরোহিত ভবসিন্ধু বরকে (৪৮) কুপিয়ে হত্যার চেষ্টার ঘটনায় অজ্ঞাতনামা সাত-আটজনকে আসামি করে মামলা হয়েছে। ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ভবসিন্ধুর অবস্থার উন্নতি হয়েছে।
মন্দির কমিটির সভাপতি রামপ্রসাদ সাধু খাঁ বাদী হয়ে গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর থানায় মামলাটি দায়ের করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ব্রহ্মরাজপুর গ্রামের তিনজনকে আটক করেছে। ঘটনাটির পর সাতক্ষীরার বিভিন্ন মন্দিরের পুরোহিতেরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছেন উল্লেখ করে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করা হয়েছে।
গত শুক্রবার রাতে মুখে কাপড় বাঁধা সাত-আটজন দুর্বৃত্ত ওই মন্দিরে ঢুকে ভবসিন্ধু বরকে কোপাতে থাকে। একপর্যায়ে মারা গেছে ভেবে দুর্বৃত্তরা তাঁকে ফেলে চলে যায়। তাঁকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতাল ও পরে ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে ভবসিন্ধু বরের ভাগনে প্রসেনজিৎ সিংহ ঢাকা থেকে মুঠোফোনে এই প্রতিবেদককে জানান, ভবসিন্ধুর অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন আস্তে আস্তে কথা বলতে পারছেন।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ মামলার বিষয়টি নিশ্চিত করে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে। পুলিশ এ ঘটনায় ব্রহ্মরাজপুর এলাকার আলমগীর হোসেন, শহীদুল ইসলাম ও জাহিদুল ইসলাম নামের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
সাতক্ষীরা জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল বলেন, ভবসিন্ধু বরকে কুপিয়ে জখম করার পর জেলার বিভিন্ন মন্দিরের পুরোহিতেরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। ইতিমধ্যে পরিষদের পক্ষ থেকে এ ঘটনায় উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করা হয়েছে। তাঁরা ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের দাবি জানিয়েছেন।