রংপুরে মুক্তিযুদ্ধের দুটি শহীদ স্মৃতিস্তম্ভের ১৮ লাখ টাকা ব্যয় করা হলেও ছয় বছরেও নির্মাণ শেষ হয়নি। এ দুটি স্থাপনা অরক্ষিত অবস্থায় পড়ে আছে। এর একটি সুরভি উদ্যানে (কালেক্টরেট মাঠ) ও আরেকটি দখিগঞ্জ বধ্যভূমিতে। জেলার উল্লেখযোগ্য দুজন শহীদ মুক্তিযোদ্ধা খোন্দকার মুখতার ইলাহী ও রনী রহমানের নাম না থাকায় ২০০৬ সালে শহরের সুরভি উদ্যানে নির্মিত স্মৃতিস্তম্ভ ফলকটি জনতা ভেঙে দেয়। এদিকে শহরে কামালকাছনায় দখিগঞ্জ বধ্যভূমিতে স্মৃতিস্তম্ভটির কাজ বন্ধ। গণপূর্ত বিভাগ রংপুর কার্যালয় সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে সুরভি উদ্যানে বিগত জোট সরকারের আমলে ২০০৫ সালের আগস্ট মাসে সাড়ে ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণকাজ করা হয়। স্মৃতিস্তম্ভে জেলার শহীদ মুক্তিযোদ্ধাদের নামের তালিকা লেখা হয়। সেখানে জেলার আট উপজেলার মধ্যে পীরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা বাদে ছয়টি উপজেলার মোট ৩৬ জন শহীদ মুক্তিযোদ্ধার নাম লেখা হয়। এই তালিকায় দুজন মুক্তিযোদ্ধার নাম স্থান পায়নি। মুক্তিযুদ্ধ চলাকালীন রংপুরের দুই যুবক খোন্দকার মুখতার ইলাহী ও রনী রহমান সম্মুখযুদ্ধে শহীদ হন। শহরের দখিগঞ্জ বধ্যভূমিতে গণপূর্ত বিভাগ বিগত ২০০৫ সালের জুন মাসে সাত লাখ টাকা ব্যয়ে স্মৃতিস্তম্ভটির নির্মাণকাজ শুরু করা হলেও শেষ সময়ে তা বন্ধ হয়ে যায়। এ দুটি স্মৃতিস্তম্ভের পুরো টাকা ঠিকাদার পেয়েছেন বলে গণপূর্ত বিভাগ সূত্র জানিয়েছে। রংপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোছাদ্দেক হোসেন প্রথম আলোকে বলেন, শহীদ মুখতার ইলাহী বা রনী রহমান নয়, এমন অনেকের নাম বাদ পড়েছে। মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বলেন, ‘এ নিয়ে আমরা অনেক আন্দোলন করেছি। কিন্তু এর পরও এই স্মৃতিস্তম্ভ দুটির নির্মাণ শেষ না হওয়া দুঃখজনক।’ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সতীনাথ বসাক বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। তাই এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না।’ অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিন খান প্রথম আলোকে বলেন, সুরভি উদ্যানের স্মৃতিস্তম্ভে নামের তালিকায় শহীদ মুক্তিযোদ্ধার নাম বাদ পড়ার বিষয়টি জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে জানানো হয়েছে। বধ্যভূমির স্মৃতিস্তম্ভের বিষয়টি জানা নেই বলে জানান।