পুরো ট্রেনে যাত্রী মাত্র একজন!
ঢাকা-কলকাতা পথে মৈত্রী এক্সপ্রেসের ট্রেন চলাচল সপ্তাহে চার দিন থেকে বাড়ানো হয়েছিল ছয় দিন। গতকাল সোমবার ঢাকা থেকে কলকাতাগামী প্রথম বাড়তি ট্রেনটিতে যাত্রী ছিলেন মাত্র একজন।
চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনে যাত্রী অভিবাসন ও শুল্ক-প্রক্রিয়া শেষে গতকাল বেলা ২টা ৫০ মিনিটে ভারতে প্রবেশ করে। এর আগে সকাল সাতটায় ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশনে ট্রেনটির উদ্বোধন করেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।
সাতটি কামরা নিয়ে যাত্রা করা এ ট্রেনের যাত্রী ছিলেন রিনা আক্তার (২২)। ভারত ভ্রমণের জন্য তিনি একাই সেখানে যাচ্ছেন। খুলনার খালিশপুরের মেয়ে রিনা এ বছর ঢাকার ইডেন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতক পাস করেছেন। রিনা প্রথম আলোকে বলেন, ‘এ এক অন্য রকম অনুভূতি। একাধারে ভ্রমণ ও ইতিহাসের অংশ হয়ে থাকতে পেরে খুবই খুশি। কারণ, আমি বিশ্বাস করি, পৃথিবীতে ট্রেন সৃষ্টির পর চলাচলের ইতিহাসে এটা নজিরবিহীন ঘটনা; যা গিনেস ওয়ার্ল্ড বুকে উঠতে পারে।’
দর্শনা আন্তর্জাতিক রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার মীর মো. লিয়াকত আলীও নিশ্চিত করেন যে মৈত্রী ট্রেন চালুর পরও গত সাত বছরে কম যাত্রীসংখ্যার বিচারে এটা রেকর্ড।
ঢাকা-কলকাতা পথে মৈত্রী এক্সপ্রেস ট্রেন সপ্তাহে চার দিনের পরিবর্তে গত রোববার থেকে সপ্তাহে ছয় দিন চলাচল শুরু করেছে। এর অংশ হিসেবে রোববার সকালে ভারতীয় ট্রেনটি ঢাকার উদ্দেশে কলকাতার চিতপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসে। বাড়তি ট্রেনে প্রথম দিন কলকাতা থেকে মাত্র ১৬ জন যাত্রী আসেন। আর ফিরতি ট্রেনে গতকাল যাত্রী ছিলেন মাত্র একজন।
স্টেশনমাস্টার মীর মো. লিয়াকত আলী বলেন, মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ব্যাপক জনপ্রিয়তার কারণে ট্রিপ-সংখ্যা বাড়ানো হয়েছে। তবে, প্রচারণা না থাকায় যাত্রী পাওয়া যায়নি। তিনি দাবি করেন, ‘শিগগিরই বাড়তি ট্রেনটিতেও ব্যাপক হারে যাত্রী চলাচল করবে।’
বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ উন্নয়নে ২০০৮ সালের ১৪ এপ্রিল ঢাকা-কলকাতা পথে প্রথমবারের মতো মৈত্রী এক্সপ্রেস ট্রেন চলাচল শুরু করে। প্রথম দিকে যাত্রী কিছুটা কম থাকলেও পরবর্তী সময়ে তা জনপ্রিয় হয় এবং ট্রেনসংখ্যা বৃদ্ধির দাবি ওঠে। গত বছরের ২০ সেপ্টেম্বর
ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে বাড়তি ট্রেন চলাচলের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
কর্মকর্তারা জানান, আগামী ২৯ জুন পর্যন্ত টানা ছয় মাস ভারতীয় ট্রেন এবং ৫ জুলাই থেকে পরবর্তী ছয় মাস বাংলাদেশি ট্রেন দিয়ে বাড়তি ট্রিপ চলাচল করবে।
নতুন ট্রেন যোগ হওয়ার পর এখন থেকে বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে বাকি ছয় দিন মৈত্রী ট্রেন চলাচল করবে। প্রতি শুক্রবার সকালে বাংলাদেশি ট্রেন ঢাকা-কলকাতা এবং শনিবার কলকাতা-ঢাকা চলাচল করবে। এ ছাড়া ভারতীয় ট্রেন প্রতি রোববার কলকাতা-ঢাকা ও সোমবার ঢাকা-কলকাতা এবং মঙ্গলবার কলকাতা-ঢাকা ও বুধবার ঢাকা-কলকাতা চলাচল করবে।