পুরো নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়নি: ইলেকশন ওয়ার্কিং গ্রুপ
২৮টি সংগঠনের মোর্চা ইলেকশন ওয়ার্কিং গ্রুপ বলছে, এবারের পৌরসভা নির্বাচনে বেশ কিছু অনিয়ম ও সহিংসতার ঘটনা ঘটেছে। তবে তা পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারেনি। ইলেকশন ওয়ার্কিং গ্রুপ জানিয়েছে, তাদের পর্যবেক্ষণ করা কেন্দ্রে সকাল ১০টায় ভোটের হার ছিল ২২ শতাংশ। বেলা একটায় ৫২ শতাংশ। বেলা তিনটায় ৬৬ শতাংশ। চূড়ান্ত পর্যবেক্ষণে এই হার দাঁড়ায় ৭২ শতাংশ।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নির্বাচন পর্যবেক্ষণ সংস্থাটি এই মত তুলে ধরে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়, তারা ২৩৪টির মধ্যে ১১১টি পৌরসভার নির্বাচন পর্যবেক্ষণ করেছে। তাদের পর্যবেক্ষক ছিলেন ১ হাজার ১৯৮ জন। গতকাল পর্যবেক্ষণের প্রাথমিক খসড়ার ভিত্তিতে বিভিন্ন তথ্য তুলে ধরেন ইলেকশন ওয়ার্কিং গ্রুপ সচিবালয়ের পরিচালক আবদুল আলীম। তিনি বলেন, পৌর নির্বাচনের দিন বেশ কিছু কেন্দ্রে অনিয়ম হয়েছে। আবার অনেক কেন্দ্রে ভালো নির্বাচনও হয়েছে। আর সহিংসতার ঘটনাগুলো সার্বিক নির্বাচনের চেহারা পাল্টে দেয়নি।
ইলেকশন ওয়ার্কিং গ্রুপ বলেছে, তারা ভোটকেন্দ্রের ভেতরে ৬৩টি এবং বাইরে ১০৩টি সহিংসতার ঘটনা পর্যবেক্ষণ করেছে। পর্যবেক্ষণ এলাকায় ভোটের শুরুতে ১২ শতাংশ ভোটকেন্দ্রে বিএনপির কোনো এজেন্ট ছিল না। আর ২ শতাংশ কেন্দ্রে ছিল না আওয়ামী লীগের এজেন্ট।
সংবাদ সম্মেলনে ইলেকশন ওয়ার্কিং গ্রুপের স্টিয়ারিং কমিটির সদস্য শফিকুল ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে কি না, তার উত্তর দেওয়া কঠিন। তবে এবার সহিংসতা ও অনিয়মের অনেকগুলো ঘটনা ঘটার পরও নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যায়নি।