পুরো বিদ্যালয়ে একজন শিক্ষক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ সোনাদিয়ার একমাত্র রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০ জন ছাত্রছাত্রীর পাঠদানের জন্য রয়েছেন মাত্র একজন শিক্ষক। ফলে এই দ্বীপের একমাত্র শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে। সম্প্রতি বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা ক্লাসে বসে খেলা করছে। পাশে তৃতীয় শ্রেণীতে পাঠদান করছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুভা রানী দাশ। জানা গেছে, দ্বীপের পূর্ব পাড়ায় সোনাদিয়া রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হলেও পশ্চিম পাড়ায় কোনো প্রাথমিক বিদ্যালয় নেই। ফলে এই দ্বীপের অনেক শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র কামাল হোসেন, রুবেল আহমদ ও মনির হোসেন জানায়, দিনে ছয়টি ক্লাসের মধ্যে দুটির বেশি হয় না। একদিন গণিত হলে আরেক দিন ইংরেজি এবং পরের দিন বাংলা ক্লাস হয়। পঞ্চম শ্রেণীর ছাত্রী কোহিনুর আক্তার, রোকসানা বেগম ও ফরিদা বেগম জানায়, মাসে একটি বিষয়ের ওপর ১০টি ক্লাস হলেও বাকি ক্লাস থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সুভা রানী দাশ জানান, পঞ্চম শ্রেণীতে ক্লাস নিতে গেলে চতুর্থ ও তৃতীয় শ্রেণীর ক্লাসের পাঠদান বন্ধ রাখতে হয়। আর ২০০০ সাল থেকে বেশ কয়েকবার শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হলেও এই বিচ্ছিন্ন দ্বীপে শিক্ষকতা করতে কেউ আবেদন পর্যন্ত করেনি। এ কারণে শিক্ষক নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। ২০১০ সালের ৩১ জানুয়ারি প্রধান শিক্ষক সচিরাম দাশ অবসরে যাওয়ার পর থেকে বিদ্যালয়ের সমস্যা প্রকট আকার নেয়। স্থানীয় ইউপি মেম্বার আবদুল গফুর বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান-স্বল্পতার কারণে এই এলাকার প্রায় ৫০০ শিশু প্রাথমিক শিক্ষা পাচ্ছে না। এই দ্বীপের শিশুদের শিক্ষা নিশ্চিত করতে অন্তত আরও দুটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করা প্রয়োজন। মহেশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুব্রত কুমার ধর প্রথম আলোকে বলেন, এই বিদ্যালয়ে পাঁচজন শিক্ষকের স্থলে আছে মাত্র একজন। আর একজন শিক্ষক দিয়ে একটি প্রতিষ্ঠান চালানো কোনোভাবেই সম্ভব নয়। তিনি বলেন, ২০১০ সালের প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষায় ওই বিদ্যালয় থেকে কেউ পাস করেনি। এ কারণে ওই বিদ্যালয়ের এক মাত্র শিক্ষিকার বেতন-ভাতাদি বন্ধ রাখা হয়। কিন্তু এ বছর সমাপনী পরীক্ষায় ওই বিদ্যালয় থেকে কয়েকজন পাস করায় এখন তিনি বেতন-ভাতাদি তুলতে পারবেন। অচিরেই ওই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম কাউসার হোসেন বলেন, শিক্ষক-সংকট দূর করতে তাঁরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।