পুরো ময়নামতি সেনানিবাস হয়ে ওঠে বধ্যভূমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সময়টা ছিল ১৯৭১ সালের ৩০ মার্চ। আনুমানিক বিকেল সাড়ে চারটা। সূর্য পশ্চিম আকাশে হেলে যাচ্ছে। জানালায় উঁকি দিয়ে হঠাৎ দেখি কুমিল্লার জেলা প্রশাসক এ কে এম সামসুল হক খান ও পুলিশ সুপার মুন্সী কবীর উদ্দিনকে মাঠের মধ্যে দাঁড় করানো হয়েছে। এরপর তাঁদের গুলি করে হত্যা করা হয়,’ বললেন মুক্তিযোদ্ধা লে. ইমামুজ্জামান। একাত্তরে কুমিল্লার ময়নামতি সেনানিবাসে এক বর্বর হত্যাযজ্ঞের সাক্ষী গোলন্দাজ বাহিনীর এই বাঙালি সেনা কর্মকর্তা গত সপ্তাহে কথা বলছিলেন প্রথম আলোর সঙ্গে।

একাত্তরে ওই সেনানিবাসে আটক বাঙালি সেনাসদস্যদের একজন ছিলেন ইমামুজ্জামান। তিনি বলেন, ‘চোখের সামনে ওই হত্যাদৃশ্য দেখে আতঙ্কে কুঁকড়ে গেলাম। ঘোর কাটতে না-কাটতে মিনিট পাঁচেকের মধ্যে আমাদের ঘরে প্রবেশ করেন পাক হানাদার বাহিনীর এক সদস্য। তখন আমার সঙ্গে ছিলেন ক্যাপ্টেন নুরুল ইসলাম ও ক্যাপ্টেন সগির আহমেদ সিদ্দিকী। পাকিস্তানি সেনাসদস্য আকস্মিক স্বয়ংক্রিয় অস্ত্রের মাধ্যমে আমাদের ওপর গুলি চালায়। মুহূর্তের মধ্যে ঘর রক্তে ভেসে যায়। আমার ডান চোখের কোনায়, ডান হাতের কবজি ও পিঠে তিনটি গুলি লাগে। আর অন্য দুজন মারা যান।’

লে. ইমামুজ্জামান ওভাবেই পড়ে ছিলেন। পরে রাতের আঁধারে আহত অবস্থায় পালিয়ে যান। তিনি ভাগ্যচক্রে বেঁচে যে সেনানিবাস থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন, একাত্তরে তার পুরোটাই হয়ে উঠেছিল বিরাট এক বধ্যভূমি। বাঙালি সেনাদের আটক করে গণহত্যার পাশাপাশি শহরের বেসামরিক লোকজনকেও এখানে এনে হত্যা করা হয়েছে।

সেনানিবাসের এম আর চৌধুরী গ্রাউন্ডের পাশে রয়েছে গণকবর। সেখানে আনুমানিক ৩০০ সেনা সদস্য, ২৪ জন বাঙালি সামরিক কর্মকর্তা ও শত শত বাঙালিকে গুলি করে হত্যার পর গর্তে ফেলা হয়। ওই গর্তেই মুক্তিযুদ্ধকালীন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারসহ কুমিল্লা শহর এবং আশপাশের বিভিন্ন এলাকার আইনজীবী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, বুদ্ধিজীবীসহ হিন্দু সম্প্রদায়ের লোকদের মাটি চাপা দেওয়া হয়। সেখানে তৈরি হয়েছে স্মৃতিসৌধ, যাতে ১০৩ জনের নাম লেখা আছে। বাকিদের নাম জানা যায়নি।

সেনানিবাসের ভেতরে ‘স্কোয়াশ’ নামে দুই কক্ষের একটি ভবন রয়েছে। সেখানে বহু লোককে এনে নির্যাতনের পর হত্যা করা হয়। কালের সাক্ষী হিসেবে ভবনটি এখনো রয়েছে। ভবনের চারপাশে বহু স্থানে তখন ছড়িয়ে-ছিটিয়ে ছিল নিরীহ মানুষের লাশ। এ ছাড়া সেনানিবাসের ১১৮ ফিল্ড ওয়ার্কশপ এলাকাতেও রয়েছে গণকবর। সেটা সংরক্ষণ করে শহীদদের নামফলক লাগানো হয়েছে। এখানে রয়েছে পাথরে খোদাই করা ৫৩ শহীদের নাম। সেনানিবাসের ভেতরে এক দরজাবিশিষ্ট একটি টর্চার সেল রয়েছে।

ময়নামতি সেনানিবাসের ব্রিগেড সদর দপ্তরে বাঙালি সেনা কর্মকর্তা ও কর্মচারীদের ধরে এনে রাখা হয়। একাত্তরের ২৯ মার্চ রাতে ভাষা আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব শহীদ ধীরেন্দ্রনাথ দত্তকেও ওই স্থানে আনা হয়েছিল। পরবর্তীকালে তাঁর আর হদিস মেলেনি। ব্রিগেড সদর দপ্তরের চারপাশে রয়েছে বহু গণকবর।

কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিউল আহমেদ বলেন, ‘ময়নামতি সেনানিবাসে অসংখ্য গণকবর রয়েছে। এসব গণকবরে নিরীহ মুক্তিকামী বাঙালি ও সেনা কর্মকর্তাদের মাটি চাপা দেওয়া হয়। এগুলোর আরও সংরক্ষণ হওয়া দরকার। একই সঙ্গে টর্চার সেলগুলোর ইতিহাসও নতুন প্রজন্মকে জানানো দরকার।’

কুমিল্লার মুক্তিযুদ্ধবিষয়ক তরুণ গবেষক আবুল কাশেম তাঁর অপারেশন কিল অ্যান্ড বার্ন গ্রন্থে উল্লেখ করেন, ‘কুমিল্লা সেনানিবাসের ব্রিগেড মসজিদের উত্তর পাশে, হেলিপ্যাডের দক্ষিণের নিম্নভূমিতে, ব্রিগেডিয়ারের বাসার পশ্চিমে, ব্রিগেড মসজিদের পশ্চিমে স্কোয়াশ রুমের আশপাশে এবং একটি টিলার পাদদেশে ৪০ ফুট দীর্ঘ ও ২৫ ফুট প্রস্থের গর্তে তাঁদের (এখানে হত্যা করা লোকদের) মাটি চাপা দেওয়া হয়। এ সময় মোট ১২টি গণসমাধি খনন করে প্রায় সাত হাজার নরকঙ্কাল পাওয়া যায় বলে মুক্তিযুদ্ধের পর তদন্তকারী পুলিশ কর্মকর্তা ফজলুর রহমান জানিয়েছেন।’

কুমিল্লার অন্তত চারজন মুক্তিযোদ্ধার সঙ্গে আলাপ করে জানা গেছে, মূলত একাত্তরের ২২ মার্চ থেকে ময়নামতি সেনানিবাসে পাকিস্তানের কমান্ডো ও গোলন্দাজ বাহিনী চতুর্থ বেঙ্গল রেজিমেন্টের চারদিকে পরিখা খনন করে। তখনই তারা বাঙালি অফিসারদের কমান্ড থেকে বিচ্ছিন্ন করে। অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সেনানিবাসের বিভিন্ন স্থানে অবস্থান করে। একই সঙ্গে সৈনিকসহ বাঙালি সেনা অফিসারদের বিভিন্ন স্থানে পাঠিয়ে দেয়। এরপর তারা সেনানিবাসের নিয়ন্ত্রণ নেয়। ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি বাহিনী কুমিল্লা শহরে ঢোকে। ২৬ মার্চ সকালে ৫৩ ব্রিগেডের গোলন্দাজ ইউনিটের অধিনায়ক প্রধান লে. কর্নেল ইয়াকুব মালিকের নির্দেশে সেনানিবাসে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়। এ ক্ষেত্রে নেতৃত্বে ছিলেন ব্রিগেডিয়ার আসলাম, চতুর্থ বেঙ্গল রেজিমেন্টের পাকিস্তানি কমান্ডিং কর্মকর্তা লে. কর্নেল খিজির হায়াত খান এবং অন্যান্য শাখার অবাঙালি নেতৃবৃন্দ। তাঁরা একে একে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও কুমিল্লা শহর থেকে লোকজন এনে সেনানিবাসে হত্যা করেন।

৬৬ বছর বয়সী ইমামুজ্জামান যুদ্ধের সময় ছিলেন ২০ বছরের তরুণ। কুমিল্লার ময়নামতি সেনানিবাসে সবে যোগ দিয়েছিলেন। ২৫ থেকে ৩০ মার্চ পর্যন্ত সেনানিবাসে যা যা ঘটেছে, তার খণ্ডচিত্র তিনি প্রত্যক্ষ করেছেন। প্রথম আলোকে তিনি বলেন, কুমিল্লা শহর থেকে ট্রাকে করে বেসামরিক লোকজনকে ধরে এনে মোটর গ্যারেজে রাখা হতো। এরপর হত্যা করা হতো।

কুমিল্লার মুক্তিযোদ্ধারা বলেন, ২৫ মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানি বাহিনী এখানে একটানা হত্যাযজ্ঞ চালায়।