পুরোনো জেএমবির এলাকায় আইএস মতাদর্শীদের ঘাঁটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

উত্তরাঞ্চলের যেসব জেলায় অতীতে জেএমবির তৎপরতা ছিল, সেসব এলাকায়ই এখন ঘাঁটি গেড়েছে আইএস (ইসলামিক স্টেট) মতাদর্শ অনুসরণকারী ‘নব্য জেএমবি’। গত এক মাসে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে নব্য জেএমবির কয়েকটি আস্তানায় অভিযান, সেখানে নয়জন নিহত হওয়া এবং অনেক বিস্ফোরক উদ্ধারের পর বিষয়টি আলোচনায় এসেছে।

যদিও এর আগে রাজশাহীর বাগমারায় আহমদিয়া মসজিদে হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী হত্যার ঘটনায় জঙ্গিদের জড়িত থাকার তথ্য জানিয়েছিল পুলিশ। কিন্তু ভেতরে-ভেতরে যে জঙ্গিগোষ্ঠী নতুন করে সংগঠিত হয়ে গোপন আস্তানা গড়ে তুলেছে, সেটা ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারণার বাইরে।

সম্প্রতি রাজশাহীর গোদাগাড়ীতে এবং চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি এলাকায় জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ ও র‍্যাব। এসব আস্তানায় অভিযানে নয়জন নিহত হয়। উদ্ধার করা হয় অস্ত্র ও বিস্ফোরক। এসব ঘটনায় নিহত ও গ্রেপ্তার হওয়া জঙ্গিদের সবাই স্থানীয় বাসিন্দা। তাদের অনেকে পুরোনো জেএমবির সদস্য ছিল, পরে নব্য জেএমবিতে যোগ দিয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মতে, উত্তরাঞ্চলে বাড়ি, কিন্তু দেশের বিভিন্ন জেলায় তৎপর ছিল এমন জঙ্গিদের অনেকে নিজ এলাকায় ফিরে আসছে। কারণ এখন ঢাকাসহ অন্যান্য জেলায়ও বাড়ি ভাড়া দেওয়ার সময় জাতীয় পরিচয়পত্র চান বাড়ির মালিক। তাই পরিচয় গোপন করে বাসা ভাড়া পাওয়া জঙ্গিদের জন্য কঠিন হয়ে পড়েছে। তাই তারা নিজের এলাকায় ফিরে নিজ বাড়িতেই আস্তানা গড়ে তুলছে।

আগে থেকে জঙ্গিপ্রবণ এই এলাকায় যে নতুন করে জঙ্গিরা সংগঠিত হয়ে অস্ত্র-বিস্ফোরকের মজুত গড়ে তুলছে, এটা পুলিশের দুর্বল নজরদারির ফল কি না, জানতে চাইলে পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপুলিশ পরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) নিশারুল আরিফ প্রথম আলোকে বলেন, পুলিশের নজরদারির লোকবল খুব কম। তিনি জেএমবির পুরোনো ঘাঁটি বাগমারা উপজেলার উদাহরণ দিয়ে বলেন, সেখানে ১০৮ জন জেএমবি সদস্যের ওপর নজরদারির জন্য মাত্র দুজন পুলিশ সদস্য কাজ করছেন।

গোয়েন্দা সংস্থাগুলোর এত দিন টের না পাওয়ার ব্যাপারে নিশারুল আরিফ বলেন, জঙ্গিরা সব সময় অবস্থানের ধরন পাল্টায়। এ জন্য আগে থেকে বোঝা যায় না। এ ছাড়া নিজ এলাকায় তাদের প্রতি সহানুভূতিশীল কিছু মানুষ আছে। এ জন্য কেউ তাদের সম্পর্কে কিছু জানলেও প্রকাশ করছে না। তাঁর মতে, সীমান্তবর্তী এলাকা হওয়ায় ওপার থেকে অস্ত্র-বিস্ফোরক সংগ্রহের জন্য জঙ্গিরা রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জকে বেছে নিয়েছে।

শায়খ আবদুর রহমানের নেতৃত্বে ১৯৯৮ সালে জেএমবি (জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ) জন্মের পর থেকে সদস্য সংগ্রহ ও প্রশিক্ষণের জন্য উত্তরাঞ্চলের জেলাগুলোকে বেছে নিয়েছিল। চোরাচালানের মাধ্যমে অস্ত্র-বিস্ফোরক সংগ্রহ করার কাজে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর সীমান্ত এলাকাকে ব্যবহার করত। ২০০৫ সালের ১৭ আগস্ট ৬৩ জেলায় একযোগে বোমা হামলার পর বিষয়টি ক্রমেই জানাজানি হয়।

এখন পুলিশের সূত্রগুলো বলছে, নব্য জেএমবিও একই কারণে এই এলাকাকে বেছে নিয়েছে। এসব এলাকার সালাফি মতাদর্শী (আহলে হাদিস হিসেবে পরিচিত) একশ্রেণির সাধারণ মানুষ ধর্মের নাম ব্যবহার করে সক্রিয় এই জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল। এমন অনেকের কাছ থেকে জঙ্গিরা আর্থিক সহযোগিতাও পেয়ে থাকে। নতুন করে সংগঠিত হওয়ার ক্ষেত্রে এই অঞ্চলকে বেছে নেওয়ার এটাও একটা কারণ বলে মনে করা হয়।

পুলিশের হিসাব অনুযায়ী, জঙ্গি তৎপরতায় জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিভাগে ২০১৫ সাল থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত মোট ২৬৪ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ২০১৫ সালে মোট ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ২৬ জন জেএমবি ও ১৩ জন আনসারুল্লা বাংলা টিমের সদস্য। ২০১৬ সালে গ্রেপ্তার করা হয় ১৬০ জনকে। তাদের মধ্যে ১৪৬ জন জেএমবি, ১৩ জন আনসারুল্লা বাংলা টিমের এবং ১ জন হিযবুত তাহ্‌রীরের সদস্য। আর চলতি বছরের এপ্রিল পর্যন্ত চার মাসে ৬৫ জন জঙ্গি গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে জেএমবি ৫৮ জন, আল্লাহর দলের ২ জন, শাহাদত আল হিকমার ১ জন এবং নব্য জেএমবির ৪ জন। এই চার মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত হয়েছে ১৫ জন জঙ্গি।

সর্বশেষ গত ২৪ মে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে র‍্যাব ৩ জঙ্গিকে গ্রেপ্তার এবং চারটি পিস্তল ও বিস্ফোরক উদ্ধার করে। তার আগে ১১ মে গোদাগাড়ীর বেনীপুরে স্থানীয় সাজ্জাদ আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। তাতে জঙ্গি সাজ্জাদ আলীসহ পাঁচ জঙ্গি নিহত হয়। সাজ্জাদের মেয়েকে পুলিশ আটক করে। ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।

এখন জানা যাচ্ছে, সাজ্জাদ পুরোনো জেএমবির সদস্য ছিলেন। পরে নব্য জেএমবিতে যোগ দেন। সম্প্রতি ধানখেতের মাঝে বাড়ি নির্মাণ করে সেটাকে জঙ্গি আস্তানায় পরিণত করেন। মাস ছয়েক আগে তাঁর জামাতা জহুরুল ইসলামও জেএমবি হিসেবে গ্রেপ্তার হন। সাজ্জাদের চাচাতো ভাই মনিরুল ইসলামও অস্ত্রসহ ধরা পড়ে জেল খেটেছেন। তিনি পুলিশের নজরদারিতে রয়েছেন।

গোদাগাড়ীতে সাজ্জাদের বাড়িতে অভিযানের আগের রাতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারাই গোদাগাড়ীর বেনীপুরের জঙ্গি আস্তানার ঠিকানা দেয়। নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাসির উদ্দিন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার সাতজনের মধ্যে দুজন হারুন ও কামাল ফেরি করে কাপড় বিক্রি করতেন। দুজনের বাড়ি একই জায়গায়। কাপড় বিক্রির আড়ালে জঙ্গি কার্যক্রমে যুক্ত ছিলেন, তাই কেউ সন্দেহ করেনি।

উত্তরাঞ্চলের জেলাগুলোতে উগ্রপন্থীদের বিস্তার লাভের কারণ সম্পর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম বলেন, সীমান্তবর্তী এই এলাকায় রক্ষণশীল মানুষের বসবাস বেশি। যাদের বেশির ভাগ ওয়াহাবি (সালাফি)। তারা ধর্মের ব্যাপারে কট্টরপন্থী। এই ওয়াহাবিদের মধ্যে একটা শ্রেণির পৃষ্ঠপোষকতা পাচ্ছে জঙ্গিরা। সীমান্তের ওপারে ভারতের মালদহ-মুর্শিদাবাদেও উগ্রপন্থীদের প্রতি সহানুভূতিশীল মানুষ আছে। সীমান্ত দিয়ে অস্ত্র-বিস্ফোরক সংগ্রহে তাদের সহযোগিতা পায় জঙ্গিরা।