পুরোনো ভবন ছাড়ল মুক্তিযুদ্ধ জাদুঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাদুঘরের যাত্রা শুরুর দিন ঝড়ের তোড়ে উদ্বোধনী অনুষ্ঠানের প্যান্ডেলই উড়ে যাওয়ার জোগাড় হয়েছিল। সবাই মিলে খুঁটি আঁকড়ে ধরায় সেবার রক্ষা হয়। সেদিনে প্রামাণ্য ছবি ধারণের দায়িত্বে ছিলেন নির্মাতা কাওসার চৌধুরী। গতকাল বিকেলে ২১ বছর আগের সেই দিনের কথা স্মরণ করে তিনি বললেন, ‘সেই নষ্ট সময়ে এই খুঁটি ধরাটা আমার কাছে প্রতীকী মনে হয়েছিল। এই জাদুঘরের সবাই ২১ বছর ধরে মুক্তিযুদ্ধের খুঁটিটা ধরে আছে।’

মুক্তিযুদ্ধ জাদুঘরের সেগুনবাগিচা ভবনের দ্বার বন্ধ হলো গতকাল বুধবার সন্ধ্যায়। আবার দরজা খুলবে ১৬ এপ্রিল আগারগাঁওয়ে জাদুঘরের নিজস্ব ভবনে। আনুষ্ঠানিক শেষ দিনটিতে নতুন-পুরোনো কর্মীদের স্মৃতিচারণায় মুখর ছিল পুরোনো ভবনের আঙিনা।

অনুষ্ঠানের নাম ‘সকৃতজ্ঞ স্মরণ’। সঞ্চালনার দায়িত্বে থাকা জাদুঘরের কর্মসূচি সমন্বয়ক রাফিকুল ইসলাম শুরুতেই বলে নিলেন, এই আয়োজন হলো ‘অনানুষ্ঠানিক আনুষ্ঠানিকতা’। নতুন-পুরোনো কর্মী, স্বেচ্ছাসেবক, শুভাকাঙ্ক্ষী সবাইকে মঞ্চে এসে কিছু বলার অনুরোধ জানালেন। একে একে মঞ্চে এলেন অনেকে। শুরুর কথা বলতে গিয়ে কারও কারও গলা ধরে এল।

১৯৯৬ সালের ২২ মার্চ মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষায় বিশিষ্ট কয়েকজনের উদ্যোগে ৫ নম্বর সেগুনবাগিচার দোতলা বাড়িটিতে চালু হয় মুক্তিযুদ্ধ জাদুঘর। প্রতিষ্ঠাতা সদস্যদের নিয়ে আটজনের একটি ট্রাস্টি বোর্ড আছে পরিচালনার দায়িত্বে। গতকালের অনুষ্ঠানে তাঁরা বললেন, এটা জনগণের জাদুঘর। তাঁরাই এটা গড়ে তুলেছেন।

সংস্কৃতিমন্ত্রী এবং জাদুঘরের ট্রাস্টি আসাদুজ্জামান নূর বলেন, ‘শুরুটা আটজনে করেছিলাম। পরে এটা সবার জাদুঘর হয়ে যায়।’ নতুন ভবন গড়ে তুলতে স্কুলশিক্ষার্থী, রিকশাচালকসহ সমাজের সব স্তরের মানুষের অবদানের কথা স্মরণ করেন তিনি। তিনি বলেন, দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান-অনুপ্রবেশের এই সময়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। ট্রাস্টি বোর্ডের সদস্য মফিদুল হক সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বললেন, কত মানুষ কত কিছু করে গেছে এই জাদুঘরের জন্য। সমস্ত কিছু নিয়ে যে অভিযাত্রা, তা নতুন ঠিকানায় নতুন মাত্রা পেতে যাচ্ছে।

ট্রাস্টি বোর্ডের সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সারওয়ার আলী, রবিউল হুসাইন, জিয়াউদ্দিন তারেক আলী প্রমুখ। বাঁধাছাঁদার কাজ শুরু হয়েছে আরও আগে। শিগগির সব স্মারক-সংগ্রহ নতুন ঠিকানায় চলে যাবে। ট্রাস্টি আক্কু চৌধুরীর কাছে প্রশ্ন থাকে, ‘কিছু কি ফেলে যাচ্ছেন?’ জবাব এল, ‘চারদিকে অনেক স্মৃতি। একটা স্বপ্ন নিয়ে এখানে জাদুঘরটা শুরু হয়েছিল। বড় জায়গায় যাওয়াটাও স্বপ্নপূরণ। তবে কিছু জিনিস কখনো ছেড়ে যাওয়া যায় না।’