পুরোনো আইনই সংশোধন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবদেহে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন আইন নিয়ে প্রায় সাড়ে তিন বছর আগের অবস্থানে ফিরে গেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। একবার বিধি প্রণয়ন, আরেকবার নতুন আইন প্রণয়ন এবং সর্বশেষ পুরোনো আইনটি সংশোধন করতে বলা হয়েছে। তবে সংশোধিত আইনের আওতায় শাস্তির মেয়াদ কমতে পারে।
২০১১ সালের পর থেকে অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন নিয়ে বিধি না আইন—সেই বিতর্কে কেটে গেল এই দীর্ঘ সময়। অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন নিয়ে অবৈধ কিছু কর্মকাণ্ড এবং এ নিয়ে গণমাধ্যমে শিউরে ওঠার মতো প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এগুলো বন্ধে হাইকোর্ট বিদ্যমান আইনের (১৯৯৯ সালে প্রণীত) আওতায় বিধি প্রণয়ন করার নির্দেশ দেন ২০১১ সালে। স্বাস্থ্য মন্ত্রণালয় এটা করে তা আইন মন্ত্রণালয়ে পাঠায়।
কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাঠানো বিধিমালা পর্যালোচনা করতে গিয়ে আইন মন্ত্রণালয় নতুন আইন প্রণয়নের ওপর জোর দেয়। সে অনুযায়ী স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষজ্ঞদের মতামত নিয়ে আইনের খসড়া প্রণয়ন করে। এরপর তা নীতিগত অনুমোদনের জন্য গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে নতুন আইন প্রণয়ন না করার পরামর্শ দিয়ে বলা হয়, ১৯৯৯ সালের আইনটি বেশি আগের নয়। তাই এটি বাতিল না করে মৌলিক বিষয়গুলো আইনে সংযোজন করা যেতে পারে। তবে আইনের প্রায়োগিক বা পদ্ধতিগত বিষয়গুলো বিধি আকারে প্রকাশ করা যেতে পারে।
মন্ত্রিপরিষদ সচিব মো. মোশাররাফ হোসাইন ভূইঞা গণমাধ্যমকে জানান, মন্ত্রিসভা অনুশাসন মেনে পরবর্তী সময়ে চূড়ান্ত অনুমোদনের জন্য বিষয়টি পেশ করতে বলেছে।
সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সচিব বিফ্রিংয়ে জানান, অঙ্গপ্রত্যঙ্গ সংযোজন করতে হলে সংশ্লিষ্ট হাসপাতালকে সরকারের অনুমতি নিতে হবে। এ-সংক্রান্ত বিষয়াদি ডেটাবেইসে সংরক্ষণ করা বাধ্যতামূলক। ডেটাবেইসের তথ্য সবার জন্য উন্মুক্ত হবে না। এমনকি তথ্য অধিকার আইনও এ ক্ষেত্রে কার্যকর হবে না।
গতকাল উত্থাপিত আইনে আইন লঙ্ঘনকারীদের জন্য সর্বোচ্চ পাঁচ বছর ও সর্বনিম্ন দুই বছর কারাদণ্ড এবং একই সঙ্গে তিন লাখ টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে। ১৯৯৯ সালের আইনে সাত বছর ও তিন বছর কারাদণ্ডের বিধান ছিল।
মোশাররাফ হোসাইন ভূইঞা জানান, গতকালের বৈঠকে ‘দ্য কোর্ট-ফি সংশোধন অধ্যাদেশ-২০১৫’ চূড়ান্ত অনুমোদন হয়েছে। সংশোধনীতে বলা হয়েছে, ই-পেমেন্টের মাধ্যমে অনলাইনে কোর্ট-ফি দেওয়া যাবে। এটা আবার অনলাইনের মাধ্যমেই ফেরত নেওয়া যাবে। নিয়মবহির্ভূত স্টাম্প কেনাবেচা করলে ছয় মাসের কারাদণ্ডের শাস্তি বহাল রাখা হয়েছে। তবে ৫০০ টাকা জরিমানা করার যে বিধান ছিল, তা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া স্টাম্প জালিয়াতির শাস্তি দণ্ডবিধি অনুযায়ী হবে।