পুরোনো আলুর কেজি ৯৫ পয়সা
রংপুরের তারাগঞ্জে প্রতি কেজি পুরোনো আলু এক টাকারও কম দামে বিক্রি হচ্ছে। হিমাগারের মালিকেরা মাইকিং করে প্রতি বস্তা আলু (৮৪ কেজি) ৮০ টাকায় বিক্রি করছেন। এ কারণে এবার আগাম আলু নিয়েও চাষিরা বিপাকে পড়েছেন। গত বছর এ সময় প্রতি মণ আগাম আলু ৯০০ থেকে এক হাজার টাকায় বিক্রি হয়েছিল। এবার ২৪০ থেকে ২৮০ টাকায় বিক্রি হচ্ছে।
উপজেলা কৃষি বিভাগ জানায়, উপজেলার পাঁচটি ইউনিয়নে ৮২০ একর জমিতে আগাম আলুর চাষ হয়েছে। কৃষকেরা জানান, আগাম আলু জমি থেকে তুলে ওই জমিতে তাঁরা বোরো ধানের চাষ করবেন। এ কারণে এখন জমিতে আলু রাখা সম্ভব নয়। বাধ্য হয়ে তা বাজারে বিক্রি করতে হচ্ছে। শেরমস্ত গ্রামের চাষি আমিনুল ইসলাম জানান, এবার দুই একর জমিতে আগাম আলু চাষ করতে তাঁর ৮০ হাজার টাকা খরচ হয়েছে। তিনি আলু পেয়েছেন ২০০ মণ। বর্তমানে প্রতি মণ আগাম আলুর দাম ২৪০ থেকে ২৮০ টাকা। গড়ে ২৭০ টাকা ধরে ২০০ মণ আলুর দাম ৫৪ হাজার টাকা। এতে দুই একরে আগাম আলু চাষ করে তাঁকে ২৬ হাজার টাকা লোকসান গুনতে হবে।
এনএন হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক আনিছুর রহমান জানান, তাঁর হিমাগারে এখনো ৬০ হাজার বস্তা পুরোনো আলু আছে। টানা অবরোধের কারণে এ আলু কৃষকেরা বিক্রি করতে পারেননি। এখন এই আলু হিমাগারে রাখাও সম্ভব নয়। তাই ২ জানুয়ারি থেকে প্রতি বস্তা আলু ৮০ টাকায় বিক্রির জন্য মাইকিং করা হলেও ক্রেতা মিলছে না।
উপজেলা কৃষি কর্মকর্তা সমীর চন্দ্র জানান, তারাগঞ্জের তিনটি হিমাগারে প্রায় ৮৭ হাজার বস্তা পুরোনো আলু আছে। অবরোধের কারণে এসব আলুচাষিরা বিক্রি করতে পারেননি। উপরন্তু এবার বাজারে আগাম আলুর সরবরাহও অন্যবারের তুলনায় অনেক বেশি।