পুরোনো ইটভাটাকে বৈধতা দিতে পুনরায় সময় বৃদ্ধি!
ড্রাম ও ১২০ ফুট চিমনির ইটভাটা নিষিদ্ধ করে আধুনিক পদ্ধতি অনুসরণ করার জন্য ২০১১ সাল থেকে তাগাদা দিয়ে আসছে পরিবেশ অধিদপ্তর। তাতে খুব একটা অগ্রগতি হয়নি। তবু পরিবেশ দূষণকারী এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। বরং নতুন করে আগামী জুন পর্যন্ত তাদের আধুনিক পদ্ধতিতে রূপান্তরের জন্য সময় বেঁধে দিয়েছে অধিদপ্তর।
সর্বশেষ গত অক্টোবরে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে পরিবেশ অধিদপ্তর ড্রাম ও ১২০ ফুট উচ্চতার চিমনিকে আধুনিক করার জন্য জুন পর্যন্ত নতুন সময়সীমা বেঁধে দেয়। এ জন্য অবশ্য দুই লাখ টাকা জরিমানা গুনতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে ২০০৩ সালে ড্রাম চিমনি নিষিদ্ধ করে অধিদপ্তর। কিন্তু এখনো তাতে পুরোপুরি সফলতা আসেনি। এরপর ২০১১ সালে ১২০ ফুট উচ্চতার ইটভাটাকে নিষিদ্ধ করে ২০১২ সালের অক্টোবরের মধ্যে তা আধুনিক পদ্ধতিতে রূপান্তরের জন্য বলা হয়। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি।
পরিবেশ অধিদপ্তরের হিসাবে চট্টগ্রাম বিভাগের ১১ জেলায় এক হাজার তিন শর বেশি ইটভাটা রয়েছে। এর মধ্যে এখনো অর্ধেকের বেশি পুরোনো ড্রাম ও ১২০ ফুট উচ্চতার চিমনিনির্ভর। ২০১২ সালে বিভাগে ৮৪৫টি ১২০ ফুট ও ১৬৫টি ড্রাম চিমনির ইটভাটা ছিল।
জানতে চাইলে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. জাফর আলম বলেন, ‘অর্ধেক ইটভাটা ইতিমধ্যে আধুনিক পদ্ধতিতে রূপান্তর হয়েছে। বাকিগুলোকে আগামী জুনের মধ্যে দুই লাখ টাকা জরিমানা দিয়ে পুরোনো থেকে আধুনিক পদ্ধতিতে রূপান্তরের সময় বেঁধে দেওয়া হয়েছে।’ কিছু ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনার কথাও তিনি জানান।
তবে জানা গেছে, পুরোনো পদ্ধতির ইটভাটাগুলো আদালতে রিট করে দিনের পর দিন তাদের ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে পরিবেশদূষণও থেমে নেই। বিভাগের মধ্যে চট্টগ্রাম জেলায় সবচেয়ে বেশি ৩৮৭টি ইটভাটা রয়েছে।
তার মধ্যে কেবল লোহাগাড়ায় রয়েছে ৩৪টি। এর মধ্যে ৩১টির পরিবেশ ছাড়পত্র নেই। এরপর কুমিল্লায় ২৯০টি ইটভাটা আছে। স্বয়ংক্রিয় করার ক্ষেত্রে চট্টগ্রাম সবচেয়ে পিছিয়ে রয়েছে বলে জানা গেছে।
পরিবেশ অধিদপ্তরের রসায়নবিদ মো. জমির উদ্দিন বলেন, চট্টগ্রামের চিত্র সবচেয়ে বেশি খারাপ। এখানে বেশির ভাগই স্বয়ংক্রিয় করেনি। লোহাগাড়াসহ বিভিন্ন স্থানে বেশ কিছু ইটভাটা পরিবেশ ছাড়পত্রই নেয়নি। আদালতের স্থগিতাদেশ নিয়ে তারা ইট পোড়াচ্ছে।