পুরোনো ইটে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ৫৬ নম্বর রাঙ্গাবালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজে পরিত্যক্ত একটি ভবনের পুরোনো ইট ব্যবহারের অভিযোগ উঠেছে।
উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের একজন উপসহকারী প্রকৌশলীর সহায়তায় ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন নতুন ভবন নির্মাণে পরিত্যক্ত ভবনটির ইট ব্যবহার করছেন বলে স্থানীয় কয়েকজন বাসিন্দা এবং বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য অভিযোগ করেছেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) রাঙ্গাবালী কার্যালয় সূত্রে জানা গেছে, ৬০ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়ের একটি দোতলা ভবন নির্মাণের কার্যাদেশ দেওয়া হয় সিয়াম এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ইতিমধ্যে ভবনটির নির্মাণকাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি।
ওই এলাকার একাধিক ব্যক্তি এবং বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য জানান, সিয়াম এন্টারপ্রাইজের নামে ভবনটির কার্যাদেশ দেওয়া হলেও নির্মাণকাজ করাচ্ছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিলন হাওলাদার। মিলন হাওলাদার কিছুদিন আগে ওই বিদ্যালয়ের অপর একটি পরিত্যক্ত ভবন নিলামে কিনেছেন। আর নতুন দোতলা ভবনের ভিত্তির (ফাউন্ডেশন) ঢালাইয়ের কাজে নিলামে কেনা পরিত্যক্ত ওই ভবনের পুরোনো ইটের খোয়া ব্যবহার করছেন। সিয়াম এন্টারপ্রাইজের মালিক কবির হোসেন জানান, তাঁদের লাইসেন্সে কার্যাদেশ দেওয়া হলেও কাজটি করাচ্ছেন মিলন হাওলাদার। জানতে চাইলে মিলন হাওলাদার বলেন, ‘আমি কিছুদিন আগে ওই বিদ্যালয়ের পুরাতন একটি ভবন নিলামে কিনেছি। আর নতুন ভবনের নির্মাণকাজ সিয়াম এন্টারপ্রাইজের লাইসেন্সে নিয়ে আমিই করাচ্ছি। তবে পুরাতন ও পরিত্যক্ত ভবনের ইট ওই কাজে ব্যবহার করার অভিযোগ ঠিক নয়।’
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ইব্রাহিম হাওলাদার বলেন, ‘মিলন হাওলাদার নতুন ভবন নির্মাণের কাজে পরিত্যক্ত ভবনের ইট ব্যবহার করায় আমরা বাধা দিই। কিন্তু উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম আমাদের বলেন, পুরোনো ভবনের ইটের গুণগত মান পরীক্ষা করে দেখা গেছে তা ভালো আছে। এ কারণে ওই ইট ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।’
মঞ্জুরুল ইসলাম বলেন, ‘ওই বিদ্যালয়ের কাজে পরিত্যক্ত ভবনের ইট ব্যবহার করা হচ্ছে না। আমরা এমন মৌখিক অভিযোগ পেয়ে ঠিকাদারকে শতর্ক করে দিয়েছি।’ পরিচালনা পর্ষদের সভাপতির অভিযোগ তিনি অস্বীকার করেন। উপজেলা প্রকৌশলী নজরুল ইসলাম দাবি করেন, নতুন ভবন নির্মাণে পরিত্যক্ত ভবনের ইট ব্যবহার করা হচ্ছে না। তিনি বলেন, ‘এলাকার লোকজন বা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ কী বলেছে না-বলেছে সেটা আমাদের দেখার বিষয় নয়।’ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুষেন চন্দ্র হালদার বলেন, ‘এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’