পুরোনো ইস্পাতের কাঁচামাল আমদানিতে শুল্ক প্রত্যাহার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো ইস্পাতের কাঁচামাল আমদানিতে ১৮ ভাগ নিয়ন্ত্রণমূলক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন। গতকাল মঙ্গলবার পুরান ঢাকায় আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে ব্যবসায়ীরা এ দাবি জানান। গতকাল পুরান ঢাকার সৈয়দ নজরুল ইসলাম সরণি, নয়াবাজার, ধোলাইখাল ও মীরহাজিরবাগের লোহা ও ইস্পাত ব্যবসায়ীরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। ব্যবসায়ীরা দুপুর ১২টা থেকে দুইটা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন।ব্যবসায়ীরা অভিযোগ করেন, কিছু লোককে সুবিধা দিতে গিয়ে এ শুল্ক ধার্য করা হয়েছে। এটি কার্যকর হলে বহু লোক বেকার হয়ে পড়বে। ১৮ ভাগ শুল্ক বেড়ে গেলে আমদানি করা কাঁচামালের দাম বেড়ে যাবে। এ শিল্পকে বাঁচানোর জন্য অবিলম্বে এ শুল্ক প্রত্যাহারের দাবি জানান ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলেন, কাস্টম, শুল্ক, ভ্যাট, অগ্রিম আয়করসহ বর্তমানে ৩৫ ভাগ ট্যাক্স দেওয়া হচ্ছে। ১৮ ভাগ নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপ হলে ৫৬ ভাগ ট্যাক্স দিতে হবে। দেশের অন্য কোনো কাঁচামালের ক্ষেত্রে এ ধরনের শুল্ক নেই। মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ আয়রন অ্যান্ড স্টিল ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসির উল্লাহ, জামাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান, হুমায়ুন কবির খান প্রমুখ।