পুরোনো একটি বিমানবন্দর বঙ্গবন্ধুর নামে করার পরামর্শ জামায়াতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বিমানবন্দর না করে পুরোনো একটি বিমানবন্দরের নাম বদলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে করার পরামর্শ দিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে গতকাল শুক্রবার তিনি বলেছেন, ‘আপনার বাবার নামে বিমানবন্দর করতে হলে কত বিমানবন্দরই তো আছে, একটার নাম বদলে নিন।’রাজধানীর বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে মকবুল আহমাদ এ কথা বলেন। আড়িয়ল বিলে বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নিয়ে সহিংসতার জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, ‘যে বিল পরিবেশের ভারসাম্য রক্ষা করে, সেখানে অপ্রয়োজনীয় বিমানবন্দর করতে চান কেন।’জামায়াতের ভারপ্রাপ্ত আমির বলেন, ‘সরকার গত ৪০ মাসে সংঘটিত হত্যার বিচার করতে পারেনি। ৪০ বছর আগের যুদ্ধাপরাধের বিচার করবে কীভাবে?...আপনারা ৪০ বছর আগের যুদ্ধাপরাধ তালাশ করেন। কিন্তু ৪০ মাসে যেসব তাজা হত্যা হলো, সেগুলোর বিচার করতে পারলেন না।’ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের নেতাদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জামায়াতের নেতারা নিষ্কলুষ ও সৎ চরিত্রের অধিকারী বলেই তাঁদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করা হচ্ছে।...আমরা রাজনীতিতে তিন নম্বর কাজ করি না। এ কারণেই আমাদের নেতাদের জেলে আটকে রাখা হয়েছে।’ তিনি বলেন, ‘একদিকে দেশের মানুষ বিদ্যুৎ পাচ্ছে না। অন্যদিকে টেন্ডার ছাড়া বিদ্যুৎকেন্দ্র করে দুর্নীতির দরজা খুলে দেওয়া হয়েছে।’সরকারকে সতর্ক করে মকবুল আহমাদ বলেন, ‘আপনাদের হায়াত তো আর মাত্র তিন বছর। এরপর বিরোধী দলেই যেতে হবে। আপনারা বিরোধী দলে গেলে যদি সবকিছু এখনকার বিরোধী দলের মতো আপনাদের বিরুদ্ধে যায়, তখন কী ভালো লাগবে?’জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজাহারুল ইসলাম, জ্যেষ্ঠ নায়েবে আমির এ কে এম ইউসুফ, আবদুস সুবহান এ সময় উপস্থিত ছিলেন। তবে নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলী ও আবু নাসের মো. আবদুজ্জাহের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন না।