পুরোনো ও আধুনিকতার ছোঁয়ায় গড়া গয়নারই কদর
কলেজপড়ুয়া জেনি ও নওশিনের ঈদের পোশাক কেনা হয়ে গেছে। কিন্তু পোশাকের সঙ্গে ম্যাচিং করে গয়না খুঁজে পেতেই সমস্যা হচ্ছে। কখনো পাওয়া গেলেও গয়নার আকার-আকৃতি মনে ধরছে না।গতকাল শনিবার গাউছিয়ার বিভিন্ন দোকানে ঘুরছিল এ দুই তরুণী। শুধু গাউছিয়াতেই নয়, রাজধানীর বিভিন্ন বিপণিবিতান, বুটিক ও ফ্যাশন হাউসে একই চিত্র দেখা যায়।ঈদবাজারের গয়নায়ও পরিবর্তন এসেছে। ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ঈদকে সামনে রেখে পুরোনো ও আধুনিকতার ছোঁয়ায় গড়া গয়না বিক্রি হচ্ছে বেশি। আদিবাসীদের গয়না, নানি, দাদি বা আরও আগের প্রজন্মের মাদুলি, হাঁসুলি, খাড়ু, বাজুবন্ধ, কোমরের বিছা, পায়েল পরছেন হালফ্যাশনের তরুণী ও বিভিন্ন বয়সী নারীরা।ফার্মগেটের বাসিন্দা দুই মেয়ের মা রিমা মেরুন রঙের অ্যান্টিকের পাড়, গোল্ডেন সুতার কাজের শাড়ির জন্য চাঁদনীচকে গোল্ড প্লেটেড মাল্টিকালারের কানের দুল বানাতে দিয়েছেন। তিনি বলেন, ধানমন্ডির একটি দোকান থেকে বাজুবন্ধ কিনবেন। রাইফেলস স্কয়ারে হিরার গয়নার নকশায় বিভিন্ন দামের কিছু নতুন গয়না এসেছে, সেখান থেকেও কিছু গয়না কিনবেন তিনি। অন্য শাড়ি ও সালোয়ার-কামিজের সঙ্গে সাযুজ্য রেখে পাথরের কিছু গয়না কেনার ইচ্ছাও রয়েছে তাঁর।রঙের কর্ণধার বিপ্লব সাহা বলেন, পোশাক গয়নাকে নিয়ন্ত্রণ করে। অনেকে আগে গয়না কিনে এর সঙ্গে মিলিয়ে পোশাক কেনেন। নানা দিক বিবেচনায় রেখে পোশাকে ব্যবহার করা সুতা, কাঠ, প্লাস্টিকের পুঁতি, কড়ি, বোতাম, অক্সিডাইস, তামাও গয়নায় স্থান পায়। তিনি জানালেন, এবার লম্বা আকৃতির গয়না চলছে বেশি। আর ছেলেদের ব্রেসলেটও বিক্রি হচ্ছে ভালো।পিদিমের পরিচালক মুনিরা ইউসুফ প্রথম আলোকে বলেন, বর্তমানে চকচকে গয়নার চল কম। বিভিন্ন মেটাল, মাটি, কাঠের পুরোনো ও নতুন ফিউশনের গয়নাই বেশি বিক্রি হচ্ছে। ফতুয়ার সঙ্গে তরুণীরা হাতভর্তি বালা ও চুড়ি পরছে আবার শাড়ির সঙ্গে লম্বা মালাও পরছে। ফ্যাশন হাউস বিবিয়ানার ব্যবস্থাপনা পরিচালক লিপি খন্দকার জানালেন, আদিবাসীদের বিভিন্ন গয়নার আদলে নতুন সমন্বয় করা গয়না বর্তমানে বেশি চলছে। পোশাকের সঙ্গে মিলিয়ে বিভিন্ন রঙের ও বুননের টারসেলের সঙ্গে কলকা বা যেকোনো লকেট বেশি বিক্রি হচ্ছে।বসুন্ধরা সিটিতে দেশি দশে সাদা কালোর শোরুমে দেখা গেল ‘আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ’ ব্যানারের সামনে মাটির সাদা ও কালো রঙের গয়না। এতে সাদা পাথর বসিয়ে বৈচিত্র্য আনার চেষ্টা করা হয়েছে। একজন ক্রেতা একই ধরনের দুই সেট গয়না কিনতে চাইলেন। বিক্রেতা জানালেন, তা আর সম্ভব নয়, কারণ এক সেটই আছে।কে ক্র্যাফটের প্রধান নির্বাহী শাহনাজ খান বলেন, কয়েক বছর ধরেই মেটাল ও বিডসের (পুঁতির কাজ) গয়নার চাহিদা বেশি। রুপা, পিতল, বিডসের সমন্বয়ে আধুনিক ধাঁচের গয়না তৈরি হচ্ছে। এ ক্ষেত্রে ছেলেরাও পিছিয়ে নেই। তাদের জন্য ব্রেসলেট, চেইনের সঙ্গে বিভিন্ন সিম্বলিক লকেট বিক্রি হচ্ছে।তবে বিভিন্ন স্বর্ণের দোকানে গিয়ে দেখা গেছে, সেখানে বিক্রি নেই বললেই চলে।নিউমার্কেটের দ্য বরিশাল জুয়েলার্সের মালিক সাইফুল আলম খান বলেন, এখন যে পরিমাণ গয়না বিক্রি হচ্ছে, তা দিয়ে দোকানের খরচই ওঠে না। বসুন্ধরা সিটির আফতাব জুয়েলার্সের বিক্রেতা রবি ঘোষ বলেন, স্বর্ণের তৈরি গয়না ঈদবাজারে তেমন একটা বিকোয় না।