পুরোনো কলা ভবনের ছাদের পলেস্তারা খসে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলা ভবনের একটি শ্রেণীকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছে। গতকাল শনিবার বিষয়টি দেখার পর কর্তৃপক্ষ ওই শ্রেণীকক্ষসহ পাশের একটি কক্ষ ব্যবহার বন্ধ করে দিয়েছে। শিক্ষার্থীরা জানান, ১৫ দিন ঈদের ছুটির পর গতকাল বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। সকাল সোয়া নয়টায় ওই ভবনের দোতলার ২১০ নম্বর শ্রেণীকক্ষে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ক্লাস হওয়ার কথা ছিল। সকালে বিভাগের এক কর্মচারী দোতলার ওই কক্ষের তালা খুলে ছাদের পলেস্তারা খসে একটি ফ্যান ঝুলে থাকতে দেখেন। এরপর তিনি বিষয়টি কলা ও মানবিক অনুষদের ডিন এবং বিভাগের শিক্ষকদের জানান। বেলা ১১টার দিকে উপাচার্য মো. আনোয়ার হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকসহ প্রকৌশল অফিসের কর্মকর্তারা ভবনটি পরিদর্শন করেন। উপাচার্য ওই শ্রেণীকক্ষসহ পাশের কক্ষটি বন্ধ রাখার নির্দেশ দেন। উপাচার্য প্রথম আলোকে বলেন, আজ (গতকাল) বিকেল চারটায় ভবনটি নির্মাণ করা প্রতিষ্ঠানের প্রকৌশলীর সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। কলা ও মানবিক অনুষদের ডিন সৈয়দ মোহমঞ্চদ কামরুল আহছান জানান, ভবনটি অনেক পুরোনো। বিভিন্ন জায়গায় পলেস্তারা খসে রড বেরিয়ে গেছে। কয়েক মাস আগে ত্রুটিপূর্ণ এ ভবনটির সংস্কারকাজের জন্য প্রকৌশল অফিসে চিঠি দেওয়া হয়।