পুরোনো খোয়াই নদী দখলমুক্ত করার দাবি
হবিগঞ্জ শহরের পুরোনো খোয়াই নদী দখলমুক্ত ও শহরের পানি নিষ্কাশনের সুবিধার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সোমবার শহরের বাণিজ্যিক এলাকা থেকে কালীবাড়ি পর্যন্ত এ মানববন্ধন হয়। একই দাবিতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি পেশ করা হয়।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াটারকিপার অ্যালায়েন্সসহ বিভিন্ন সংগঠন ও নানা পেশার শত শত নারী-পুরুষ মানববন্ধনে অংশ নেন। হবিগঞ্জ পুরোনো খোয়াই নদী রক্ষা ও পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি এ কর্মসূচির আয়োজন করে। পরে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে পাঁচটি দাবির কথা উল্লেখ করা হয়। দাবিগুলো হলো, পুরোনো খোয়াই নদীর সীমানা চিহ্নিতকরণ, নদীর সীমানার ভেতরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, বর্ষা মৌসুমে জলাবদ্ধতা দূরীকরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, নদী থেকে আবর্জনা অপসারণ ও নদী খনন এবং নদীর উভয় পাড়ে রাস্তা নির্মাণ।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন বেলার নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান। বক্তব্যে তিনি বলেন, নদী ও জলাশয় রক্ষায় বাংলাদেশে অনেক শক্ত আইন রয়েছে। কিন্তু সেগুলোর প্রয়োগ হয় না। যে কারণে দেশের নদীগুলো পর্যায়ক্রমে দখল হয়ে যাচ্ছে। যারা দখল করছে, তারা মানসিকভাবে দুর্বল। সরকার বা প্রশাসন জলাশয় রক্ষা আইন-২০১৩ প্রয়োগ করলেই নদী, জলাশয় রক্ষা করা সম্ভব।
আরও বক্তব্য দেন বাপার কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল, বাপার জেলা সভাপতি অধ্যক্ষ ইকরামুল ওয়াদুদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জহিরুল হক প্রমুখ।