পুরোনো গাছের গোড়া রেখেই নতুন চারা
‘পরিপক্ব’ হওয়ায় সামাজিক বনায়নের নয় কিলোমিটারের মধ্যে আড়াই কিলোমিটার অংশের গাছ কেটে বিক্রি করা হয়েছে। কাটা গাছের গোড়া অপসারণ না করেই নতুন চারা রোপণ করা হয়েছে। চারায়ও দেখা দিয়েছে মড়ক। তবে বন বিভাগের দাবি, সমস্যা তেমন নেই। সব ঠিক হয়ে যাবে। এ চিত্র সিলেটের বিয়ানীবাজার উপজেলায় চন্দরপুর-হেতিমগঞ্জ সড়কের।সরেজমিনে দেখা গেছে, সড়কের আড়াই কিলোমিটারে এক হাজার ৪০০ গাছের গোড়া রয়েছে। গোড়ার ফাঁকে ফাঁকে রোপণ করা হয়েছে নতুন চারা। যেখানে গোড়া শুকায়নি, সেখানে নতুন চারা মরে গেছে। প্রায় এক কিলোমিটার অংশে নতুন চারা বেড়ে ওঠার ক্ষেত্রে গাছের গোড়া প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। গোড়া উত্তোলন করে গাছ কাটার মধ্যে ব্যয় বেশি হওয়ায় বিক্রেতারা এগুলো ওভাবেই ফেলে রেখেছে বলে স্থানীয়রা জানিয়েছে।বন বিভাগ সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার-চন্দরপুর-হেতিমগঞ্জ সড়ক স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীন। স্থানীয় বন বিভাগের মাধ্যমে ১৯৯৪-৯৫ অর্থবছরে সড়কের আড়াই কিলোমিটার অংশে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় এক হাজার ৪০০ মেহগনি ও রেইনট্রি প্রজাতির গাছ লাগান নাজমুল ইসলাম ও সঞ্জিব কর নামে দুই ব্যক্তি। গাছ ‘পরিপক্ব’ হলে পরে কেটে বিক্রি করার জন্য তাঁদের সঙ্গে ১০ বছর মেয়াদি চুক্তি হয়। গাছ পরিপক্ব না হওয়ায় ২০০৫ সালে ওই চুক্তি আরও পাঁচ বছর বাড়ানো হয়। চলতি অর্থবছর চুক্তি শেষ হওয়ার পর গাছ ‘পরিপক্ব’ হয়েছে বলে বন বিভাগ অনুমোদন দিলে নাজমুল ও সঞ্জিব এক হাজার ৩৮০টি গাছ কেটে বিক্রি করেন। তাঁরা জানান, ২২ লাখ ৬৮ হাজার ২২৬ টাকায় গাছ বিক্রি করা হয়। চুক্তি অনুযায়ী উপকারভোগী হিসেবে ওই টাকার ৫৫ শতাংশ নিয়েছেন তাঁরা। বাকি টাকার ২০ শতাংশ এলজিইডি, বন বিভাগ ১০ শতাংশ, পৌরসভা ও ইউনিয়ন ১০ শতাংশ এবং বন বিভাগের সামাজিক বনায়ন কর্মসূচির তহবিলের জন্য ১০ শতাংশ রাখা হয়। ওই তহবিল থেকে কেটে নেওয়া গাছের গোড়ায় নতুন চারা রোপণ করা হয়েছে।গোড়া না কাটার কারণ জানতে চাইলে সঞ্জিব কর বলেন, গোড়া উত্তোলনের জন্য এলজিইডি রাস্তার ক্ষতিপূরণ দাবি করায় গোড়া কাটা হয়নি। গোড়ার মধ্যে নতুন গাছ বেড়ে ওঠা কঠিন বলে মন্তব্য করেন তিনি। এলজিইডির বিয়ানীবাজার উপজেলা প্রকৌশলী রমেন্দ্র হোম চৌধুরী বলেন, গোড়া উপড়ে ফেললে রাস্তার ক্ষতি হবে, তাই গোড়া তুলতে দেওয়া হয়নি। তিনি বলেন, গোড়ালি না তুলে নতুন চারা লাগানোয় এর বৃদ্ধি ব্যাহত হচ্ছে। কোথাও কোথাও মরে যাচ্ছে।বিয়ানীবাজার উপজেলা বন কর্মকর্তা নঈমউদ্দিন দাবি করেন, কেটে নেওয়া গাছের গোড়া শুকিয়ে পচে গেলে পরিবেশ স্বাভাবিক হয়ে উঠবে। তিনি বলেন, গোড়ালির রস শোষণের ক্ষমতা নেই। এগুলো কিছুদিন পর পচে মাটির সঙ্গে মিশে যাবে। তাই নতুন গাছের ক্ষতি হবে না। কত দিন পর গোড়া পচবে? রোপণ করা চারাগুলো গোড়া থাকার কারণে মরে যাচ্ছে কি না, এমন প্রশ্নের জবাব বন কর্মকর্তা এড়িয়ে যান।বন বিভাগের এ বক্তব্য যথাযথ নয় জানিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক নারায়ণ সাহা প্রথম আলোকে বলেন, নতুন গাছের চারা রোপণ ও পরিচর্যার জন্য যে পরিবেশ দরকার, তেমনটি সেখানে নেই। গোড়া রেখে আশপাশে নতুন চারা রোপণ মোটেই যথাযথ নয়।