বাগেরহাট পৌরসভায় ভিজিএফ কার্ডধারীদের বিতরণের জন্য বরাদ্দ করা সেই পুরোনো চাল কিছুটা বাছাই করে সরবরাহ করবে খাদ্য বিভাগ। ৬ জুলাই বাগেরহাটের পৌর মেয়র চালগুলো খাবার অনুপযোগী দাবি করে সেগুলো ফেরত দিয়েছিলেন।
বাগেরহাট পৌর কর্তৃপক্ষ সোমবার ওই চালের ৭০ ভাগ খাবার অনুপযোগী এবং খাদ্য বিভাগ ওই চালের শতকরা মাত্র ৫ ভাগের মান কিছুটা খারাপ হতে পারে বলে দাবি করে।
বাগেরহাট পৌরসভার ৪ হাজার ৬২০ জন ভিজিএফ কার্ডধারীর মধ্যে বিতরণের জন্য বরাদ্দ পাওয়া ৪৬ হাজার ২০০ কেজি চালের মধ্যে সোমবার বিকেলে প্রথম দফায় ১২ হাজার কেজি চাল আনে পৌর কর্তৃপক্ষ। পরে ওই চাল যাচাই করে তা খাবার অযোগ্য এবং ওজন কম বলে দাবি করেন পৌর মেয়র খান হাবিবুর রহমান। তিনি ওই চাল ফেরত পাঠিয়ে দেন।
ওই চাল খাওয়ার উপযুক্ত দাবি করে বাগেরহাট খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, বিতরণ করা চালের এই লটটি প্রায় এক বছরের পুরোনো। চাল গ্রহণকারীরা বিভিন্ন সময়ে ওই লট থেকে বেছে চাল তুলে নিয়েছেন। বাগেরহাট পৌরসভা সবার শেষে চাল নেওয়ায় ওই লটের সব থেকে ভালো চালগুলো হয়তো তারা পাচ্ছে না। তবে লটের সব চাল এখনো খাওয়ার উপযোগী এবং মানসম্মত।
তিনি আরও বলেন, সরকারি বিধি অনুযায়ী গুদামে সবার আগে আসা চালের লট থেকেই বরাদ্দ বিতরণ করা হয়। এ ক্ষেত্রেও তাই করা হয়েছে। পুরোনো লট ফেলে নতুন লট থেকে সরবরাহ করা বিধিসম্মত না।
চালের ওজন বিষয়ে রবিউল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন মজুত রাখা চালের বস্তায় ওজনের সামান্য কিছু তারতম্য হতে পারে। কিন্তু আমরা সরকারি বিধি অনুযায়ী প্রতিটি বস্তার ওজন ৭৫০ গ্রাম ধরে প্রতি বস্তা ৫০ কেজি ৭৫০ গ্রাম হারে চাল সরবরাহ করব।’ বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বলেন, ‘খাদ্য বিভাগ বলছে, গুদামে ভালো চাল আছে। তা যদি হয় তবে সেই চাল আমরা নেব। আমি নিজে দেখব, খারাপ চাল হলে নেব না।’
বাগেরহাটের খাদ্য নিয়ন্ত্রক বাবুল হোসেন জানান, ২০১৪ সালের মে থেকে জুলাই মাসের মধ্যে মজুত করা বিআর ১৪ জাতের এই চালের মধ্যে জেলায় এখনো প্রায় ৮০০ টন চাল আছে। যা পর্যায়ক্রমে বিতরণ করা হবে। বাতাস, আর্দ্রতা ও লবণাক্ততার কারণে এসব চালের মাত্র ৫ শতাংশের মান কিছুটা হ্রাস পেতে পারে। তবে তা খাবার অনুপযোগী না। বাগেরহাটের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম বলেন, পৌর মেয়র ও জেলা খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে কথা হয়েছে। নিম্নমানের চালের বস্তা পাওয়া গেলে তা জেলা খাদ্য নিয়ন্ত্রককে বদলে দিতে বলা হয়েছে।