পুরোনো চেহারায় ঢাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ব্যস্ত এলাকা মতিঝিলের শাপলা চত্বর। রিকশা, বাস, ব্যক্তিগত গাড়ির বিপুল সংখ্যায় উপস্থিতি জানান দিচ্ছে, ঈদের পর আবার সরগরম রাজধানী, ছবি: প্রথম আলো
রাজধানীর ব্যস্ত এলাকা মতিঝিলের শাপলা চত্বর। রিকশা, বাস, ব্যক্তিগত গাড়ির বিপুল সংখ্যায় উপস্থিতি জানান দিচ্ছে, ঈদের পর আবার সরগরম রাজধানী, ছবি: প্রথম আলো

পুরোনো চেহারায় ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। ঈদের ছুটি, দুদিনের টানা হরতাল, জাতীয় শোক দিবসের ছুটি এবং সবশেষে গত শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির কারণে মোটামুটি ফাঁকা থাকা ঢাকা গতকাল রোববার ছিল অনেকটা আগের রূপে। তবে যানজট ছিল তুলনামূলক কম। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, আজ সোমবার থেকে পুরোপুরি পুরোনো রূপে ফিরে যাবে নগর।
গতকাল কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকায় আসা প্রায় সব ট্রেনেই ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। চট্টগ্রাম থেকে দুপুরে আসা মহানগর প্রভাতীর যাত্রী শামসুল আলম বলেন, পুরো পথেই ঘাড়ের ওপর দাঁড়ানো ছিল যাত্রী। ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরব আসার পর এত যাত্রী উঠে যে কোনো বগিতে নড়াচড়া করার অবস্থা ছিল না।
রংপুর, দিনাজপুর, জামালপুর, জগন্নাথগঞ্জ, ময়মনসিংহ থেকে আসা রংপুর এক্সপ্রেস, একতা, তিস্তা, বলাকা, অগ্নিবীণা—সব ট্রেনেই ছিল ধারণক্ষমতার তুলনায় চার-পাঁচ গুণ যাত্রী।
স্টেশনমাস্টার নৃপেন্দ্র চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, গত শনিবার ও গতকাল রোববার সবচেয়ে বেশি যাত্রী ঢাকা ফিরে এসেছে।
গতকাল ভোর থেকে ছোট-বড় প্রায় ২০০ লঞ্চ বিভিন্ন গন্তব্য থেকে যাত্রী বোঝাই করে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড়েছে বলে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানিয়েছে।
সড়কপথেও ফিরেছে প্রচুর মানুষ। তাদের পদচারণায় সায়েদাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল ছিল সরগরম।
গতকাল আবারও মতিঝিল, গুলিস্তান, বঙ্গবন্ধু অ্যাভিনিউ, বায়তুল মোকাররম, ফার্মগেট, নিউ মার্কেট, গাউছিয়া মার্কেটসহ নগরের বিভিন্ন এলাকার ফুটপাতগুলো আগের মতো হকারদের দখলে চলে যায়।
গতকাল দুপুরে বায়তুল মোকাররম এলাকায় গিয়ে দেখা যায়, ফুটপাতে আবার চৌকি ফেলে জামাকাপড়, ইলেকট্রিক ও ইলেকট্রনিকসামগ্রীর যন্ত্রাংশ, বাসন-কোসন, খেলনা ইত্যাদির দোকান বসে যায়। পুরানা পল্টন ফুটওভারব্রিজের পূর্ব প্রান্তে সিঁড়ির কাছে চৌকি ফেলে কাপড়ের দোকান সাজিয়েছেন আবদুর রব। তিনি বললেন, ঈদের পর গতকালই তিনি আবার ব্যবসা শুরু করেছেন। তবে বেচাকেনা খুব একটা হচ্ছে না। মতিঝিল বাংলাদেশ ব্যাংকের সামনে গতকাল সন্ধ্যায় আবারও বসে কাঁচাবাজার।
তবে রাজধানীর বিভিন্ন সড়ক ছিল গতকাল অনেকটা যানজটমুক্ত। মতিঝিল শাপলা চত্বরের কাছে কিছু বাস ও রিকশার জট থাকলেও তা ছিল ট্রাফিক সিগন্যালের কারণে। গুলিস্তান থেকে নবাবপুর যাওয়ার রাস্তাটি পাড়ি দিতে ঈদের আগের দিনগুলোয় কমপক্ষে এক ঘণ্টা সময় লাগলেও গতকাল নির্বিঘ্নে যাতায়াত সম্ভব হয়েছে।
ঢাকার সবচেয়ে যানজটপ্রবণ মগবাজার মোড় এলাকায় গতকাল দীর্ঘ যানজট ছিল না। সন্ধ্যার আগে কারওয়ান বাজার ও সোনারগাঁও হোটেল এলাকায় যানবাহনের ভিড় দেখা যায়। তবে তা স্থায়ী ছিল না।
পুলিশের উপকমিশনার (পূর্ব) ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, যাত্রাবাড়ী-সায়েদাবাদসহ ঢাকার বিভিন্ন স্থানে যানবাহনের ভিড় প্রায় স্বাভাবিকই ছিল। আজ হয়তো বাড়তে পারে। তবে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য আগের মতোই লোকবল এবং কাঠামোগত অবস্থা আছে।