পুরোনো জাহাজ আনতে নতুন নীতি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরোনো ও পরিত্যক্ত জাহাজ (স্ক্র্যাপ ভেসেল) আমদানির ক্ষেত্রে আবার সচেষ্ট হয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। জাহাজভাঙা শিল্প রক্ষার কথা বলে গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ে এক সপ্তাহের ব্যবধানে আবারও চিঠি লিখেছে তারা।সরকারি বার্তা সংস্থা বাসস জানায়, আমদানি নীতি সংশোধন করতে বাণিজ্য মন্ত্রণালয় যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়, সে জন্য চিঠি দেয় পরিবেশ ও বন মন্ত্রণালয়। এতে বলা হয়েছে, পরিত্যক্ত জাহাজ আমদানিতে নতুন বিধান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাস্টম থেকে জাহাজ ছাড় করতে গেলে রপ্তানিকারক ও আমদানিকারক—উভয়েরই প্রত্যয়নপত্র দাখিল করতে হবে।বিদ্যমান আমদানি নীতি আদেশের ষষ্ঠ অধ্যায়ের ২৫(৪০) ধারায় বলা হয়েছে, পরিত্যক্ত জাহাজ আমদানির ক্ষেত্রে তা বিষাক্ত বর্জ্যমুক্ত এই মর্মে রপ্তানিকারক দেশের সরকার বা সরকার কর্তৃক অনুমোদিত উপযুক্ত কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র শিপিং ডকুমেন্টসের সঙ্গে অবশ্যই দাখিল করতে হবে।এই ধারার কারণে সম্প্রতি রপ্তানিকারক দেশের প্রত্যয়নপত্র না থাকায় ১০টি পরিত্যক্ত জাহাজ আটকে রেখেছে চট্টগ্রাম কাস্টম কর্তৃপক্ষ। গত বুধবার পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বাণিজ্য মন্ত্রণালয়ে আমদানি নীতির সংশ্লিষ্ট ধারা শিথিলের আবেদন জানায়। উভয় আবেদনেই বলা হয়, পরিত্যক্ত জাহাজ আমদানিতে রপ্তানিকারক দেশের প্রত্যয়নপত্রের দরকার নেই। বরং আমদানিকারকেরাই বলবেন, জাহাজগুলোতে বিষাক্ত বর্জ্য নেই।তবে তা অনুমোদন করেননি বাণিজ্যমন্ত্রী ফারুক খান। তিনি গত সোমবার প্রথম আলোকে বলেন, আমদানি নীতি সংশোধন করা হবে না। তবে যেসব জাহাজ এসে গেছে, এদের ছাড়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ গতকাল বাসসকে বলেছেন, ‘জাহাজভাঙা শিল্পটিকে আমরা বাঁচিয়ে রাখতে চাই। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব। তবে একে পরিবেশবান্ধব শিল্প হিসেবে গড়ে উঠতে হবে।’বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতির (বেলা) নির্বাহী পরিচালক সৈয়দা রিজওয়ানা হাসান প্রথম আলোকে বলেন, পরিবেশের ক্ষতি করে না এমন জাহাজ আসতেই পারে। তবে রপ্তানিকারক দেশের প্রত্যয়নপত্র দেওয়ার শর্তই যেখানে শিথিলের উদ্যোগ নেওয়া হচ্ছে, সেখানে আমদানিকারক ও রপ্তানিকারক—উভয়েরই প্রত্যয়নপত্রের শর্ত কেন, বিষয়টি বোঝা গেল না। এতে কোনো ফাঁকি থাকতে পারে বলে সন্দেহের অবকাশ রয়েছে।২০০৯ সালের ১৭ মার্চ বিষাক্ত বর্জ্যযুক্ত জাহাজ আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে আটটি নির্দেশনা দেন হাইকোর্ট।