পুরোনো জাহাজের বিষাক্ত তেল সীতাকুণ্ডবাসীর অভিশাপ
পুরোনো জাহাজ ভাঙার ফলে পরিবেশ দূষণ দীর্ঘদিন ধরেই চলছে। জাহাজভাঙা ইয়ার্ডে শ্রমিকের মৃত্যুও নিয়মিত বিষয়ে পরিণত হয়েছে। এবার পুরোনো জাহাজের বিষাক্ত বর্জ্য তেল সীতাকুণ্ডবাসীর জন্য অভিশাপ হয়ে দেখা দিয়েছে।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই সীতাকুণ্ডের ঘনবসতিপূর্ণ এলাকা, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে জাহাজভাঙা ব্যবসায়ীরা বিশাল বিশাল পুকুর খনন শুরু করেছেন। সেই পুকুরে পানির বদলে আমদানি করা পুরোনো (স্ক্র্যাপ) জাহাজের বর্জ্য তেল রাখছেন। আর সেই তেল থেকে বিশেষ প্রক্রিয়ায় তৈরি করছেন ভেজাল ডিজেল। বাকি তেল প্রক্রিয়া ছাড়াই আবার বিক্রি করে দেওয়া হচ্ছে।
এর ফলে তেলের বর্জ্য থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ছে আশপাশের বসতিতে। নষ্ট হচ্ছে মাটি-গাছপালা। তেল চুইয়ে চলে যাচ্ছে ভূ-অভ্যন্তরে। কৃষিজমির মাটি স্থায়ীভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আর এর প্রভাবে স্থানীয় লোকজন হাঁপানিসহ বিভিন্ন রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ঘনবসতিপূর্ণ গ্রাম তুলাতলীতে রয়েছে ছয়টি ডিপো। শুধু ফৌজদারহাট পাবলিক স্কুলের পাশে ১০০ গজের মধ্যে রয়েছে চারটি। ডিপোগুলোর একটির নাম থ্রিস্টার। পাশের ডিপোতে চার শ্রমিক কাজ করছিলেন। বাকি দুটিতে কোনো লোকজন ছিল না।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত বর্ষার পানিতে ওই ডিপোগুলো ডুবে বর্জ্য পুরো এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের বাগানের গাছপালা নষ্ট হতে শুরু করে। ছয়-সাত মাস পরও ওই এলাকার গাছের গোড়ালিতে রয়েছে কালো তেলের দাগ। বেশ কিছু গাছ মরে গেছে। বাকি গাছও মরে যাচ্ছে। সে সময় পুকুর ও বিলের মাছসহ ফসল নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।
এলাকার বাসিন্দা মো. আরিফ আলী সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘ডিপোগুলো থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত তেলে আমার বড় দুটি গাছ মরে যাওয়ায় কেটে ফেলতে হয়েছে। রাতে দুর্গন্ধে ঘরে থাকা মুশকিল হয়ে পড়ে।’
ভাটিয়ারী রেলস্টেশন সড়কের আশপাশে রয়েছে ১০টি ডিপো। ওই সড়কটির মাথায় বাংলাদেশ শিপব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) হাসপাতাল। যার সীমানাপ্রাচীর ঘেঁষে ও সামনে দুটি ডিপো রয়েছে। কিছু দূরে এইচএস হক ইনস্টিটিউট নামে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে রয়েছে দুটি ডিপো।
থ্রিস্টার ডিপোর মালিক মো. ইউছুপ প্রথম আলোকে বলেন, ‘আমাদের ডিপো আপাতত কয়েক দিন বন্ধ রয়েছে। পার্শ্ববর্তী আরও তিনটা ডিপোতে কী হচ্ছে না হচ্ছে আমরা জানি না।’
চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসা কর্মকর্তা তপন দাস জানান, তিনি দীর্ঘদিন ধরে জাহাজভাঙা শ্রমিকদের চিকিৎসা করছেন। তিনি দেখেছেন, বর্জ্য তেলের বিষাক্ত গ্যাসের কারণে শিশু, গর্ভবতী ও বৃদ্ধদের শ্বাসকষ্টজনিত নানা রোগ ও হাঁপানি হয়। ওই এলাকার পানীয় জল ও বাতাসে কার্বনের পরিমাণ বেড়ে গিয়ে পেটের পীড়া হয়। শ্রমিকদের চর্মরোগ, পায়ে ঘাসহ অন্যান্য রোগ দেখা দিতে পারে।
বিশেষজ্ঞরা এভাবে বর্জ্য তেল পুকুরে রাখার ফলে দীর্ঘস্থায়ী কিছু বিপদের আশঙ্কাও করছেন। এ ধরনের বর্জ্য তেলে সাধারণত লেড, ক্রোমিয়াম, মার্কারি, ক্যাডমিয়ামের মতো বিষাক্ত ভারী পদার্থ থাকে। এগুলো নানা ধরনের জীবনঘাতী রোগের সৃষ্টি করে।
বাংলাদেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মকবুল হোসেন বলেন, এ ধরনের বর্জ্য তেলে যে বিষাক্ত ভারী বস্তু থাকে তা পুকুর কেটে সরাসরি মাটির মধ্যে রাখা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তা মাটি চুইয়ে কৃষিজমি, গাছপালা এবং মানুষের শরীরে প্রবেশ করলে তা জীবনঘাতী রোগ সৃষ্টি করতে পারে। চর্মরোগ, ক্যানসার থেকে শুরু করে ফুসফুসের নানা রোগের কারণ হতে পারে এ ধরনের তৎপরতা।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক জাফর আলম বলেন, ‘ডিপোগুলো পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বলেই ১৩টি প্রতিষ্ঠান আবেদন করা সত্ত্বেও অনুমতি দেওয়া হয়নি। আমরা একটি টিম করেছি। খুব শিগগিরই আমরা অভিযান চালিয়ে ওগুলো সিলগালা করে দেব।’
স্থানীয় লোকজন জানিয়েছেন, সীতাকুণ্ডের ছলিমপুর, ভাটিয়ারী, সোনাইছড়ি ও কুমিরা ইউনিয়নে রয়েছে শতাধিক কালো তেলের ডিপো। তবে ঠিক কতটি কালো তেলের ডিপো রয়েছে এর কোনো সঠিক তথ্য পরিবেশ অধিদপ্তরের কাছে নেই বলে স্বীকার করেছেন চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক হারুন-অর-রশিদ। তিনি বলেন, এ পর্যন্ত যাচাই-বাছাই করে ছাড়পত্র দেওয়া হয়েছে মাত্র তিন প্রতিষ্ঠানকে। তাঁদের কাছে ছাড়পত্রের জন্য আবেদন করেছে আরও ১৩টি প্রতিষ্ঠান।
জাহাজের পরিত্যক্ত এ তেলে বিড়ি কিংবা দেশলাইসহ অন্য কোনো আগুনের স্ফুলিঙ্গ পড়লে ঘটে যেতে পারে ভয়াবহ অগ্নিকাণ্ড। এতে ঘনবসতির পুরো এলাকা পুড়ে ছাই হয়ে যেতে পারে বলে জানিয়েছেন কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা ওমর ফারুক।