ব্রিটিশ আমলে নির্মিত মেয়াদোত্তীর্ণ, ঝুঁকিপূর্ণ ভবনে চলছে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনের কার্যক্রম।স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, সান্তাহার জংশন স্টেশনের ৩ ও ৪ নম্বর প্লাটফর্মে রয়েছে স্টেশনমাস্টার, সহকারী স্টেশনমাস্টার, পার্সেল অফিস, টিসি, টিটিইদের কার্যালয়, পার্সেল গুদাম, প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিশ্রামাগারসহ জিআরপি থানা এবং রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চৌকি। ১০০ বছরের বেশি সময় ধরে এ কার্যালয়গুলোয় চলছে দাপ্তরিক সব কাজকর্ম।দীর্ঘদিন ধরে চুন-সুরকি দিয়ে তৈরি পুরোনো এ ভবনগুলোর কোনো ধরনের সংস্কার না করায় ছাদের নিচের অংশ ও দেয়ালের পলেস্তারা খসে পড়ে একাধিক স্থানে ছোট-বড় ফাটল সৃষ্টি হয়েছে। বর্তমানে ঢাকার সঙ্গে একাধিক আন্তঃনগর ট্রেন চালু হলেও এ স্টেশনে যাত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানো হয়নি। স্টেশনে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর যাত্রীদের বিশ্রামের জন্য আগে চারটি বিশ্রামাগার থাকলেও এর মধ্যে একটি রেল নিরাপত্তা বাহিনী দখল করে রেখেছে। ঝুঁকিপূর্ণ ভবনে যাত্রীরাও বিশ্রামাগারে অবস্থান করতে চায় না।সান্তাহার স্টেশনমাস্টার বদিউজ্জামান জানান, বৃষ্টি হলেই ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে এবং অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ভিজে যায়। স্টেশনের সবগুলো ভবনের একই অবস্থা। ঝুঁকিপূর্ণ ভবনগুলো যেকোনো মুহূর্তে ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি ঘটতে পারে। এ বিষয়ে একাধিকবার রেলওয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভাগে চিঠি দিয়েও কোনো ফল পাওয়া যায়নি।স্টেশনের হেড পার্সেল ক্লার্ক রেজাউল ইসলাম জানান, স্টেশনের প্রতিটি ভবনে কর্মকর্তা-কর্মচারীরা জীবনের ঝুঁকি নিয়ে চাকরি করে যাচ্ছেন। বৃষ্টি হলেই পার্সেলের গুদামের মেঝে পানিতে ভরে যায়। এ কারণে বিভিন্ন মালামাল ভিজে নষ্ট হয়।স্টেশনের রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক আবু হেনা শাহ আলম জানান, তিনি ও তাঁর দপ্তরের সদস্যরা যে ভবনে অফিস করেন, সেটি অনেক আগেই নষ্ট হয়ে ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে।রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় প্রকৌশলী (ডিএন-২) আহমেঞ্চদ হোসেন জানান, সান্তাহার জংশন স্টেশনসহ পর্যায়ক্রমে অন্যান্য স্টেশনের ভবনের সংস্কার ও নতুন ভবন নির্মাণে উদ্যোগ নেওয়া হবে।