পুরোনো-নতুনের পদচারণে মুখর কপিলমুনি কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসো হাতে রাখি হাত’ স্লোগান সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ডিগ্রি কলেজের ৫০ বছরপূর্তি (সুবর্ণজয়ন্তী) অনুষ্ঠান উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার কলেজ প্রাঙ্গণ ছিল নতুন-পুরোনো শিক্ষার্থীদের পদচারণে মুখর।
অনেক দিন পর পুরোনো বন্ধুকে কাছে পেয়ে আবেগে আপ্লুত ছিলেন অনেকেই। শুধু এ দিনটি উপলক্ষেই বিভিন্ন এলাকায় কর্মরত প্রাক্তন শিক্ষার্থীরা ছুটে এসেছেন কলেজে।
খুলনা সরকারি বিএল কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক অশোক কুমার বলেন, ‘অনেক বছর হলো কলেজ ছেড়ে গিয়েছি। এই এলাকায় আসলেও কলেজে আর আসা হয় না। তবে সুবর্ণজয়ন্তী উপলক্ষে এসে খুব ভালো লাগছে। অনেক বন্ধুবান্ধবকে একসঙ্গে পেয়েছি। আরও একবার জমিয়ে আড্ডা দেওয়া হলো।’
হারুনার রশিদ বলেন, ‘১৯৯৯-২০০০ সালের এইচএসসির শিক্ষার্থী ছিলাম। এখন কর্মসূত্রে ঢাকায় থাকি। তবে সুবর্ণজয়ন্তী উপলক্ষে এসে মনে হচ্ছে, আবার ওই সময়ে ফিরে গেছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়।’
দিনটি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। এর মধ্যে ছিল আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সাংসদ ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি শেখ মো. নূরুল হক।
কলেজের ক্যাম্পাসে বেলা দুইটায় আলোচনা সভা ও স্মৃতিচারণা পর্বে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মো. হাবিবুল্লাহ বাহার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন অধ্যক্ষ মো. সহর আলী গাজী, যশোর জেলা যুগ্ম জজ নুরুল ইসলাম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবদুর রহমান, পাইকগাছা ফসিয়ার রহমান মহিলা কলেজের অধ্যক্ষ রবিউল ইসলাম প্রমুখ।