প্রশ্ন পেয়েই লেখা শুরু করেছিলেন তাঁরা। দু-একটি প্রশ্নের উত্তর লেখার পর বুঝতে পারেন প্রশ্ন খুবই কঠিন হয়েছে। তবুও লিখতে থাকেন। প্রশ্ন কঠিনের ব্যাপারে কথা বলতে গেলে দায়িত্বরত শিক্ষকেরা কড়া ভাষায় কথা বলতে মানা করেন। নিরুপায় হয়ে কেউ ৪০ আবার কেউ টেনেটুনে তার একটু বেশি নম্বরের উত্তর লেখেন। পরীক্ষা শেষে তাঁরা প্রশ্নপত্রের ওপরে দেখতে পান তাঁদের পুরোনো পাঠ্যসূচী অনুযায়ী করা প্রশ্নপত্র দেওয়া হয়েছে। গতকাল এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় কুষ্টিয়া পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্রের ২০৯ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।কলেজ সূত্রে জানা যায়, বাংলা প্রথমপত্র পরীক্ষায় ২০৯ নম্বর কক্ষে সদর উপজেলার কে এস এম ঢাকা মিনাপাড়া স্কুল অ্যান্ড কলেজের ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে দুজন অনিয়মিত পরীক্ষার্থী ছিলেন। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষক বলেন, ভুলক্রমে ওই দুজনের পাশাপাশি আরও নয়জনকে পুরোনো সিলেবাসের প্রশ্ন দেওয়া হয়েছিল। ঘটনাটি ছাত্রীদের পাশাপাশি শিক্ষকদেরও ভুল হয়েছে। এখন কিছুই করার নেই।পুরোনো সিলেবাসের প্রশ্নে পরীক্ষা দেওয়া ছাত্রী তমালিকা খাতুন, ইভা খাতুন, কানিজ ফাতেমা ও জরিনা খাতুন অভিযোগ করেন, প্রশ্ন পাওয়ার পর তাঁরা বুঝতে পারেন প্রশ্ন কঠিন হয়েছে। শিক্ষকেরা এতটাই কড়া ছিলেন যে, তাঁরা কোনো কিছুই বলতে পারেননি। তাঁরা কেউই পঞ্চাশের ওপরে উত্তর করতে পারিনি। অনেকে বাইরে বের হয়ে কান্নায় ভেঙে পড়েন।পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল বারী প্রথম আলোকে বলেন, বিষয়টি নিয়ে এখন কারও কিছুই করার নেই। বোর্ডকে জানানো হবে। তা ছাড়া ওই ১১ জন পরীক্ষার্থীর খাতার মধ্যে পুরোনো সিলেবাসের প্রশ্ন দিয়ে দেওয়া হবে।