শ্যামলীর শিশুমেলা বিনোদনকেন্দ্রটি গত ২৬ নভেম্বর বন্ধ করে দেয় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। ডিএনসিসির কর্মকর্তারা বলেছিলেন, বন্ধের দু-তিন দিনের মধ্যেই পার্কটি খুলে দেওয়া হবে। অথচ, দুই মাসের বেশি সময় পেরোলেও পার্কটি চালু করতে পারেনি ডিএনসিসি কর্তৃপক্ষ।
সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনগুলোতে শ্যামলী শিশুমেলা বিনোদনকেন্দ্রটিতে উপচে পড়া ভিড় হতো। বন্ধ থাকা বিনোদনকেন্দ্রটিতে ঘুরতে এসে অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। এখন ডিএনসিসির কর্মকর্তারা বলছেন, পার্কটি পুনরায় চালু করার প্রায় সব কাজ শেষ। আগামী ১৫ দিনের মধ্যে পার্কটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে।
আইনি জটিলতায় শ্যামলীর শিশুমেলা বিনোদনকেন্দ্রটির ইজারাদার মেসার্স ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেসের কাছ থেকে প্রায় ১২ বছর ইজারার টাকা পায়নি ডিএনসিসি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পার্কটি চালু করতে ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেসের সঙ্গে ডিএনসিসির কয়েক দফা বৈঠক হয়েছে। ইজারার বকেয়া টাকা পরিশোধ করে প্রাথমিকভাবে এক বছরের জন্য পুনরায় পার্কটি পরিচালনার দায়িত্ব পাচ্ছে প্রতিষ্ঠানটি।
শিশুমেলা পার্কটি ১ দশমিক ৪০ একর জমিতে গড়ে উঠেছে। নিজ খরচে আধুনিক খেলার যন্ত্রাপাতি স্থাপন করতে ২০০২ সালের ১৯ ফেব্রুয়ারি পার্কটি ইজারা দেয় সিটি করপোরেশন। মেসার্স ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেস নামের প্রতিষ্ঠানকে ১ লাখ ৪৫ হাজার ৭৫৬ টাকায় তিন বছরের জন্য ইজারা দেওয়া হয়। এ চুক্তি আর নবায়ন করা হয়নি। সিটি করপোরেশন ইজারা চুক্তি বাতিল করে একাধিকবার শিশুপার্কটিতে উচ্ছেদ কার্যক্রম চালানোর সিদ্ধান্ত নিলেও আইনি জটিলতায় তা হয়নি। গত ২৬ নভেম্বর ডিএনসিসি অভিযান চালিয়ে পার্কটি বন্ধ করে সিলগালা করে দেয়।
গতকাল শুক্রবার সকালে দেখা যায়, শিশুমেলার দুই পাশের ফটকেই তালা ঝুলছে। ডিএনসিসির পার্ক বন্ধের নোটিশ টানানো। টিকিটের কাউন্টারগুলো জনমানবহীন। অনেকেই সন্তানদের পার্কে ঘোরাতে নিয়ে এসেছিলেন। পার্ক বন্ধ থাকায় হতাশ হয়ে ফিরে যাচ্ছিলেন।
শিশুমেলায় ১৭টি ফ্যামিলি রাইড ও ৭০টি কিডস রাইড আছে। এ ছাড়া শিশুমেলার ভেতরে খাবার, হস্তশিল্প পণ্য, রান্নাঘরে ব্যবহারের সামগ্রী বিক্রির ১০টি দোকান আছে। শিশুমেলার নিজস্ব কর্মকর্তা-কর্মচারী এবং দোকানের ব্যবসায়ী-কর্মী মিলিয়ে প্রায় ১০০ জন এখান থেকে জীবিকা চালাতেন। দুই মাস ধরে পার্কটি বন্ধ থাকায় তাঁরা তীব্র অর্থকষ্টে রয়েছেন।
ডিএনসিসি সূত্রে জানা যায়, ১২ বছরের বেশি সময় ধরে বিনোদনকেন্দ্রটির ইজারা আদায় করা যায়নি। পার্কটি বন্ধের পরই বকেয়া ইজারা বিষয়ে করণীয় এবং পার্কটি পুনরায় চালু করতে ডিএনসিসির একাধিক কাউন্সিলরের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি বিভিন্ন বিষয় বিবেচনা করে মেয়রকে সুপারিশ জানিয়েছে।
কমিটির একজন সদস্য নাম না প্রকাশের শর্তে বলেন, ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেসকেই পুনরায় পার্কটি চালানোর অনুমতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আপাতত এক বছরের জন্য তারা পার্কটি চালাবে। এবার ভায়া মিডিয়া প্রতি মাসের ভাড়া হিসেবে ১ লাখ টাকার বেশি দেবে ডিএনসিসিকে।
মেসার্স ভায়া মিডিয়া বিজনেস সার্ভিসেসের ব্যবস্থাপনা পরিচালক জি এম মুস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন বিভক্ত হওয়ায় কাগজপত্র নিয়ে কিছু ভুল-বোঝাবুঝি হয়েছিল। সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা হয়েছে। বকেয়া টাকা পরিশোধ করে দেওয়া হবে। পার্কটি খুলে দেওয়ার বিষয়ে উভয় পক্ষ সমঝোতায় পৌঁছেছে।