পুরোনো ফেরি ও তীব্র স্রোতে ঈদযাত্রায় ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরিস্বল্পতা এবং নদীতে প্রচণ্ড স্রোতের কারণে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। দেখা দিচ্ছে  যানজট। গতকাল দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে তোলা ছবি l প্রথম আলো
দৌলতদিয়া–পাটুরিয়া নৌপথে ফেরিস্বল্পতা এবং নদীতে প্রচণ্ড স্রোতের কারণে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। দেখা দিচ্ছে যানজট। গতকাল দুপুরে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্ত থেকে তোলা ছবি l প্রথম আলো

পদ্মার তীব্র স্রোতে পাটুরিয়া-দৌলতদিয়া ও শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। ফেরিগুলো পুরোনো হওয়ায় স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারছে না। এতে নদী পার হতে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। ফলে দুই নৌপথের ঘাটের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। আসন্ন ঈদুল আজহা ঘিরে এ নৌপথে ভোগান্তি চরমে ওঠার আশঙ্কা দেখা দিয়েছে।

রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট। এ পথে পুরোনো ফেরি সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে পানির তীব্র স্রোত। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, এ নৌপথে ১৯টি ফেরি থাকার কথা থাকলেও গতকাল শনিবার পর্যন্ত ১৪টি দিয়ে যানবাহন পারাপার করা হয়। বাকি পাঁচটির মধ্যে দুটি রো রো ফেরি ইঞ্জিনের সমস্যায় বন্ধ হয়ে আছে। অন্য তিনটির মধ্যে দুটি নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে ও কে-টাইপ একটি ফেরি মাওয়া-শিমুলিয়া নৌপথে নেওয়া হয়েছে। এই নৌপথে চলাচলকারী অধিকাংশ ফেরি পুরোনো।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এনামুল হক বলেন, নদীতে প্রবল স্রোত বইছে। আগে নদী পার হতে ৩০-৩৫ মিনিট লাগত। এখন এক ঘণ্টার কমে পার হওয়া যাচ্ছে না। ইঞ্জিনের দুর্বলতার কারণে দুটি ফেরি পাটুরিয়া ঘাটে রাখা হয়েছে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ইঞ্জিন প্রতিস্থাপনের জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্রোত কমলে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান যানবাহন পারাপারে যুক্ত হবে।

ফেরিস্বল্পতা ও নদীতে তীব্র স্রোতের কারণে যানবাহনগুলোকে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয়। এতে যাত্রীদের দুর্ভোগের শিকার হতে হয়। বরিশালগামী গোল্ডেন লাইন পরিবহনের যাত্রী আবদুল্লাহ আল সম্রাট বলেন, ‘বাড়ি যাচ্ছি। ঘাটে এসে এক ঘণ্টা ধরে অপেক্ষা করছি। তবু ফেরির জন্য অপেক্ষা করতে হচ্ছে। ঈদের ছুটিতে মানুষজন বাড়িতে ফিরতে শুরু করলে যে কী হবে!’

গতকাল দুপুরে দৌলতদিয়া ঘাটে গিয়ে দেখা যায়, নিয়মিত যানবাহনের সঙ্গে কোরবানির পশুবোঝাই গাড়ি আসতে শুরু করেছে। গাড়ির দীর্ঘ সারি ফেরিঘাট ছেড়ে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটারে গিয়ে ঠেকেছে। অগ্রাধিকারের ভিত্তিতে যাত্রীবাহী বাস ও কোরবানির পশুবোঝাই গাড়ি আগে পার করায় সাধারণ পণ্যবাহী অনেক গাড়ি দু-তিন দিন ধরে আটকে রয়েছে।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, ঈদযাত্রায় ১৯টি ফেরি থাকবে। নদীতে চলতে গিয়ে কোনো ফেরির ত্রুটি কিংবা সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক মেরামত করারও ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ত্রুটিপূর্ণ ফেরিগুলোকে মেরামত করে যানবাহন পারাপারে সচল রাখা হবে।

মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাটে ফেরি যেতে আগে সময় লাগত এক ঘণ্টা, বর্তমানে লাগছে দুই থেকে আড়াই ঘণ্টা। গতকাল দুপুর ১২টা পর্যন্ত শিমুলিয়া ঘাট এলাকায় অপেক্ষমাণ ছিল প্রায় পাঁচ শ যানবাহন।

শিমুলিয়া ফেরিঘাট এলাকার দায়িত্বে থাকা পুলিশের পরিদর্শক সিদ্দিকুর রহমান বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের জট কমেছে। সন্ধ্যার দিকে তা স্বাভাবিক হয়ে যায়।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট সূত্রে জানা যায়, বর্তমানে ১৭টি ফেরি চলাচল করছে। এর মধ্যে রো রো ৪টি, ড্রাম্প ৬টি, কে-টাইপ (মাঝারি) ৫টি ও ২টি মিডিয়াম ফেরি। এর মধ্যে অধিকাংশ ফেরি পুরোনো।

ঘাটটির সহকারী পরিচালক শাহ মো. খালিদ নেওয়াজ বলেন, ফেরিগুলো আগে শুধু এক চ্যানেল দিয়েই যাতায়াত করত। এখন তা লৌহজং বিকল্প চ্যানেল দিয়ে যাচ্ছে। আগের তুলনায় চার কিলোমিটার বেশি পথ ঘুরতে হয়। নদীতে স্রোত বেশি। তাই সময় লাগছে বেশি। ঈদ সামনে রেখে ২০টি ফেরি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে কিছুটা হলেও যাত্রী দুর্ভোগ কমবে।

দুই মহাসড়কের অবস্থা

গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছিল প্রায় যানজটমুক্ত। গত শুক্রবার সকালে গোমতী সেতু থেকে চট্টগ্রামের দিকে আমিরাবাদ পর্যন্ত ১০ কিলোমিটার এবং ঢাকার দিকে ২০ কিলোমিটারে যানজট হয়। এর আগে মঙ্গলবার রাতে মেঘনা সেতুর ওপর চারটি মালবাহী ট্রাক বিকল হয়ে যানজটের সৃষ্টি হয়েছিল, যাতে গত কয়েক দিনে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। দাউদকান্দি মডেল থানার উপপরিদর্শক (এসআই) রজব আলী বলেন, গতকাল ভোর পাঁচটা থেকে মহাসড়ক সম্পূর্ণ যানজট মুক্ত হয়েছে। এদিকে ঢাকা-বগুড়া মহাসড়কও ছিল যানজটমুক্ত। সকালে বঙ্গবন্ধু সেতুর ওজন নিয়ন্ত্রণকেন্দ্রের সামনে দু-তিন কিলোমিটার দীর্ঘ জট দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কমে যায়।

{প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেনমানিকগঞ্জ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি ও মুন্সিগঞ্জ সংবাদদাতা}