পুরোনো বই-দলিলের আধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরানা পল্টনের সোমেন-তাজুল পাঠাগার। গত বুধবারের চিত্র l ছবি: সাবিনা ইয়াসমিন
পুরানা পল্টনের সোমেন-তাজুল পাঠাগার। গত বুধবারের চিত্র l ছবি: সাবিনা ইয়াসমিন

নামটি দিয়েছিলেন সরদার ফজলুল করিম। নিয়মিত আসতেন বিভিন্ন পাঠচক্রে-আলোচনা চক্রে। তাঁর উৎসাহ ছিল সবচেয়ে বেশি।
২৯ জানুয়ারি দুপুরে ‘সোমেন-তাজুল পাঠাগারে’ বসে কথাগুলো বলছিলেন অনিরুদ্ধ অঞ্জন। এই পাঠাগার পরিচালনা ট্রাস্টের সেক্রেটারি তিনি।
দুই বিপ্লবীর নামে এই পাঠাগার। সোমেন চন্দ কমিউনিস্ট আন্দোলনের কর্মী ও প্রখ্যাত লেখক। ঢাকায় ফ্যাসিবাদবিরোধী সম্মেলনে দুর্বৃত্তদের হামলায় ১৯৪২ সালের ৮ মার্চ মাত্র ২২ বছর বয়সে তাঁর মৃত্যু হয়েছিল। আর ট্রেড ইউনিয়ন আন্দোলনের নেতা তাজুল স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে শহীদ।
সোমেন-তাজুল পাঠাগারের ঠিকানা পুরানা পল্টনের মুক্তি ভবনের পাঁচতলায়। পাঠাগারের কাজকর্ম বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দিয়ে নিয়ন্ত্রিত হলেও এটি একটি সাধারণ পাঠাগার। উৎসাহী যেকোনো ব্যক্তি এই পাঠাগার ব্যবহার করতে পারেন। বই পড়ার পাশাপাশি প্রয়োজনীয় ফটোকপির বন্দোবস্তও রয়েছে।
খুব পুরোনো নয় পাঠাগারটি। জন্ম ২০০৩ সালের ১ সেপ্টেম্বর। পল্টনের বিখ্যাত সংবাদ গলির একটি ভাড়া বাসায়। এর বেশ পরে আসে বর্তমান ঠিকানায়।
শুরুতে যে বইপত্র দিয়ে পাঠাগারটি চালু হয়েছিল, তার বেশির ভাগ ছিল ব্যক্তিগত সংগ্রহের। এখনো সেই ধারা বজায় রেখেছে পাঠাগারটি। অর্থাৎ কেনা থেকে সংগ্রহ বেশি।
২৯ জানুয়ারি দুপুরে পাঠাগারে গিয়েই পাওয়া যায় পুরোনো বইয়ের গন্ধ। সাতটি কাঠের পুরোনো আলমারিতে বই। নয়টি স্টিলের আলমারিতে বই। গ্রন্থাগারিক শরিফ আহমেদ বললেন, বইয়ের সংখ্যা তিন হাজারের মতো। যদিও খোয়া গেছে বেশ কিছু। দেয়ালে সোমেন ও তাজুলের ছবি। মাঝে মহামতি লেনিনের আবক্ষ মূর্তি।
এই পাঠাগারে রয়েছে কমিউনিস্ট আন্দোলনের মহান তাত্ত্বিকদের রচনাবলি—বাংলা ও ইংরেজিতে। যেমন লেনিন রচনাবলি, মার্ক্স-অ্যাঙ্গেলস রচনা সংকলন, ডিমিট্রভ সমগ্র, প্লেখানভ সমগ্র। আছে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ দলিল। এর বাইরে সাহিত্য-সংস্কৃতি, মেডিকেল, মনোবিজ্ঞান, নৃতত্ত্ব, লোকসাহিত্যের ওপর বই। দৈনিক পত্রিকা রাখা হয় ১২টি। এ ছাড়া টাইম, নিউজউইক, এশিয়া উইক ও ইকোনমিস্ট-এর মতো প্রখ্যাত সাময়িকীর পুরোনো সংখ্যা আছে।
পাঠাগারে পাঠক কেমন—জানতে চাইলে অনিরুদ্ধ অঞ্জন বললেন, একেবারে নেই তা নয়। আছে কিছু। অনেক সময় গবেষকেরাও আসেন, বিশেষ করে কমিউনিস্ট আন্দোলনের ইতিহাস ও গতি-প্রকৃতি নিয়ে যাঁদের আগ্রহ। তাঁর ভাষ্য, পাঠাগারটি নানাভাবে ব্যবহৃত হয়। সম্প্রতি পুনরুজ্জীবিত হওয়া প্রগতি লেখক সংঘের সাপ্তাহিক আসর বসে। এখানে পাঠচক্র করে রণেশ দাশগুপ্ত চলচ্চিত্র সংসদ। ছাত্র ইউনিয়নের কর্মীরাও মাঝেমধ্যে বসেন।
পাঠাগারটি বিকেলে খোলা হয়। সময় চারটা থেকে রাত আটটা পর্যন্ত। তবে কেউ চাইলে অন্য সময়ও খুলে দেওয়া হয়। সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার। বসার জন্য এখানে চেয়ার, বেঞ্চ ও টেবিল আছে।
পাঠাগারের নীতিমালা অনুসারে দুই ধরনের সদস্য আছে—পূর্ণ সদস্য ও পাঠক সদস্য। সবাইকে নির্দিষ্ট হারে চাঁদা দিতে হয়। কেবল পূর্ণ সদস্যরাই বই বাসায় নিতে পারেন। তবে নির্দিষ্ট সময়ে দিতে ব্যর্থ হলে প্রতিদিন এক টাকা হারে জরিমানা গুনতে হয়। বই হারিয়ে ফেললে কিনে অথবা সংগ্রহ করে দিতে হয়।
এই পাঠাগারের আয়োজনে সর্বশেষ পাঠচক্র হয়েছে ৯ জানুয়ারি। সেটা ছিল চে গুয়েভারা ও মোহাম্মদ ফরহাদের ওপর আলোচনা।
সোমেন-তাজুল পাঠাগার ঘিরে ভবিষ্যৎ যে পরিকল্পনা, তা হলো পরিসর বাড়ানো। উদ্যোক্তারা বললেন, সেটা খুব শিগগির করা হবে।