শিক্ষার্থীদের পরিবহন-সংকটের কথা বিবেচনা করে ২০১১ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুটি দ্বিতল বাস দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময়ে নতুন বাস না থাকায় দুটি পুরোনো দ্বিতল বাস দেয় বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা (বিআরটিসি), যা প্রায় ১৫ মাস ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে।
সম্প্রতি সেই পুরোনো বাস দুটিকে নতুন হিসেবে দাবি করে তা পরিবর্তন করে দিতে অস্বীকৃতি জানিয়েছে বিআরটিসি।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর থেকে জানা গেছে, ২০১১ সালের নভেম্বরে রাজশাহী সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয়ে আসেন। এরপর এক সভায় বিশ্ববিদ্যালয়কে দুটি দ্বিতল বাস দেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। এরপর ২০১১ সালের ২২ ডিসেম্বরে বিআরটিসি বিশ্ববিদ্যালয়ে দুটি পুরোনো দ্বিতল বাস দেয়। তখন বিআরটিসির পক্ষ থেকে বলা হয়, নতুন বাস আসা সাপেক্ষে পুরোনো বাস দুটি পরিবর্তন করে দেওয়া হবে। এর দুই মাসের মাথায় পুরোনো ওই বাস দুটি নষ্ট হয়ে যায়। প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও বিআরটিসি বাস দুটি পরিবর্তন করে দেয়নি।
পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. সাইয়েদুজ্জামান বলেন, বাস দুটি নষ্ট হওয়ার পর কয়েক দফা বিআরটিসির সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু কোনো ফল হয়নি। চার মাস আগে বিআরটিসির তৎকালীন চেয়ারম্যান এম এম ইকবাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর চিঠি দেন। চিঠিতে উল্লেখ করা হয়, বিআরটিসির পক্ষ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়কে দুটি ‘নতুন’ বাস দেওয়া হয়েছে। ফলে তা আর পরিবর্তন করে দেওয়ার এখতিয়ার বিআরটিসির নেই।
সাইয়েদুজ্জামান বলেন, পুরোনো বাস দুটির ইঞ্জিন পুরোপুরি নষ্ট হয়ে গেছে; যা মেরামত করতে কমপক্ষে ১৬ লাখ টাকা প্রয়োজন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের বার্ষিক বরাদ্দ আট লাখ টাকার মতো। এ কারণে বাস দুটি মেরামত করা সম্ভব নয়।
এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী নতুন বাস দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু আমাদের পুরোনো বাস দেওয়া হয়েছে। বাস দুটি মেরামতের অযোগ্য হয়ে পড়ায় কোনো কাজে আসছে না। এটা হয়তো তিনি (প্রধানমন্ত্রী) জানেন না। আমি দায়িত্ব নেওয়ার পর খুব বেশি সময় পাইনি।’ দ্রুত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি তুলে ধরা হবে বলে উপাচার্য জানান।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর সূত্রে জানা গেছে, প্রতিদিন ২৮টি রুটে বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করে। বেশির ভাগ বাস ১৯৭২ থেকে ১৯৭৮ সালের। প্রায়ই সেগুলো নষ্ট হয়ে পড়ে থাকে। ফলে শিক্ষার্থীদের পরিবহন-সুবিধা দিতে প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে।
শিক্ষার্থীরা জানান, বাস-সংকটের কারণে গাদাগাদি করে চলাচল করতে হয় তাঁদের। দ্বিতল বাস দুটি চলাচল শুরু করার পর ভোগান্তি কিছুটা কমেছিল। কিন্তু দুই মাস চলার পরই সেগুলো নষ্ট হয়ে যায়।