পুরোনো বিমানবন্দর হবে এক টুকরো মরূদ্যান!
রাজধানী ঢাকায় দেড়-দুই কোটি লোকের বাস। তাদের কাছে বিস্তৃত কোনো উন্মুক্ত স্থানের চাহিদা বেশ তীব্র। সেই প্রত্যাশা সামনে রেখে প্রস্তাব এসেছে তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরকে ‘পাবলিক প্লেস’ করার। শহরের বুকে এক টুকরো ‘মরূদ্যান’ হবে এই এলাকা। দেশের প্রাকৃতিক পরিবেশ ও সংস্কৃতির সমন্বয়ে নতুন রূপ পাবে ৪১৫ একরের এই এলাকাটি।
কেমন হবে এই মরূদ্যান? শিক্ষার্থীদের কাছে চাওয়া হয়েছিল ‘আইডিয়া’। এই ডাকে সাড়া দিয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ৪৪টি দল। প্রতিটি দল তুলে ধরেছে তাদের ভাবনার সূত্র, যা প্রকাশ পেয়েছে সেই মরূদ্যানের নকশায়।
গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের বারান্দায় এসব প্রকল্পের দুই দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে। বুয়েট মিলনায়তনে এক অনুষ্ঠানে ঘোষণা করা হয় সেরা ছয়টি নকশার নাম। বুয়েট অ্যালামনাইয়ের উদ্যোগে এই প্রতিযোগিতা, প্রদর্শনী ও অনুষ্ঠানের আয়োজন হয়।
এই প্রকল্প যেন বাস্তব রূপ পায় সে প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানালেন অনুষ্ঠানের প্রধান অতিথি বুয়েটের উপাচার্য অধ্যাপক খালেদা একরাম। শুভেচ্ছা বক্তব্যে অ্যালামনাইয়ের সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, দিন দিন দেশের জনসংখ্যা বাড়ছে, জমি কমছে। পুরো দেশটাই একদিন শহরে পরিণত হবে। তাই সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে ঢাকাসহ সারা দেশকে গড়ে তুলতে হবে।
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, এমন একটা জায়গায় শুধু হেলিকপ্টার উঠবে নামবে, আর দুই কোটি মানুষ নিঃশ্বাস নিতে না পেরে মরে যাবে, সেটা হতে পারে না।
এ সময় আয়োজনের সহযোগী সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের সভাপতি অধ্যাপক গোলাম রহমান, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের সভাপতি অধ্যাপক আবু সাইদ এম আহমেদ, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি অধ্যাপক শামীম-উজ-জামান বসুনিয়া প্রমুখ বক্তব্য দেন।
এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে বুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী সাদিয়া হুমায়রার দল। তাঁরা পাবেন তিন লাখ টাকার পুরস্কার। বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের ইমরান হোসেনের দল দ্বিতীয় স্থান অধিকার করে দুই লাখ টাকা পাবেন। আর এক লাখ টাকা পাবে তৃতীয় স্থান অধিকারী খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের হাসিব সারোয়ারের দল। এ ছাড়া আরও তিনটি দলকে ৫০ হাজার টাকা আর্থিক মূল্যের বিশেষ পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামনাইয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে।