পুরোনো ব্যালট বাক্স নিলামে
আনুমানিক ৩০ হাজার পুরোনো ব্যালট বাক্স নিলামে তুলেছে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়। স্বচ্ছ ব্যালট বাক্সের যুগে এসব বাক্স এখন অচল। তাই দরপত্রের মাধ্যমে এসব বাক্স বিক্রি করে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম ব্যবহারের একটি অধ্যায়ের অবসান হলো বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় পুরোনো স্টিলের বাক্সগুলো রয়েছে। এর সংখ্যা আনুমানিক ৩০ হাজার। এগুলোর ওজন লক্ষাধিক কেজি।
২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে সর্বশেষ স্টিলের বাক্স ব্যবহূত হয়। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচন থেকে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার শুরু হয়। এর ফলে পুরোনো এই বাক্সগুলো অকেজো হয়ে পড়ে।
স্টিলের বাক্সগুলো রাখার জন্য প্রতিটি নির্বাচন কার্যালয়ে আলাদা বেশ বড় জায়গার প্রয়োজন হয়। এ কারণে নির্বাচন কমিশন এগুলো বিক্রির সিদ্ধান্ত নেয়। এর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার চট্টগ্রামে বাক্সগুলো নিলামে তোলা হয়।
চট্টগ্রামে দরপত্র কমিটির প্রধান আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, ‘স্টিলের ব্যালট বাক্সের দিন শেষ। এগুলো রাখার জন্য অনেক জায়গার প্রয়োজন হয়। আমাদের প্রতিটি কার্যালয়ে এটি একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। তাই কমিশন এগুলো নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছে।’
চট্টগ্রামে সাতটি প্রতিষ্ঠান পুরোনো স্টিলের এসব বাক্স কেনার জন্য দরপত্র জমা দেয়। এর আগেও একবার দরপত্র আহ্বান করা হয়। কিন্তু তখন দর কম ওঠার কারণে হস্তান্তর করা হয়নি।
কোতোয়ালি থানা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, ‘এই বাক্সগুলো নিলামে তোলার মধ্য দিয়ে একটি যুগের অবসান হলো। এখন স্বচ্ছ ব্যালট বাক্সে নির্বাচন হয়। ভবিষ্যতেও এই প্রক্রিয়া অব্যাহত থাকবে। ফলে এসবের কোনো মূল্য নেই আর।’