কিশোরগঞ্জের ভৈরব পৌর শহরের অতি ঝুঁকিপূর্ণ ১১৮টি বহুতল ভবন অপসারণের নির্দেশ দেওয়ার পর ভবন রক্ষায় মালিকেরা নানা কৌশলের আশ্রয় নিচ্ছেন। অনেকেই পুরোনো ভবন সংস্কার ও চুনকাম করে নতুন হিসেবে দেখানোর চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
পৌরসভার নগর পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা গেছে, ব্রিটিশ আমলেই ভৈরব বাণিজ্যিক নগর ও বন্দর হিসেবে গড়ে ওঠে। সে সময় এখানে অনেক উঁচু ভবন নির্মাণ করা হয়। এর অনেকগুলোই ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। সাভারে রানা প্লাজা ধসে ব্যাপক প্রাণহানির ঘটনার কিছুদিন পর ভৈরব পৌরসভা ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করতে তৎপরতা শুরু করে। এ সময় প্রায় ২০০ ভবনের তালিকা তৈরি করা হয়। ওই তালিকা থেকে ১১৮টি অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে মেয়র মো. শাহিন মালিকদের চিঠি দেন।
চিঠিতে উল্লেখ করা হয়, চিঠি প্রাপ্তির সঙ্গে সঙ্গে ভবন অপসারণ করতে হবে অথবা ভবন পরিদর্শনের পর বিশেষজ্ঞ প্রকৌশলীদের করা সুপারিশ পৌর কর্তৃপক্ষকে জানাতে হবে। অন্যথায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভবন ভেঙে ফেলা হবে। সে ক্ষেত্রে ভবন ভাঙার ব্যয়ভার মালিকদের কাছ থেকে আদায় করা হবে।
প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, কিছুদিনের মধ্যে ঝুঁকিপূর্ণ ভবন অপসারণ করা না হলে সংবাদপত্রে সেগুলোর তালিকা প্রকাশ করা হবে। এ ভবন কেউ যেন ভাড়া না নেন—সে ব্যাপারে সতর্ক করা হবে এবং সর্বশেষ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপসারণের কাজটি করা হবে।
সম্প্রতি শহর ঘুরে দেখা গেছে, ভৈরব বাজার এলাকায় পুরোনো ভবন সংস্কার ও চুনকাম কর হচ্ছে। চিঠি পাওয়ার পরও চুনকাম করা হয়েছে মেঘনা নদীর পারের রহিমা ভবনে। তবে ভবনমালিক রনি মিয়া চিঠি পাননি বলে দাবি করেছেন। লঞ্চ টার্মিনাল এলাকার জাফর ভবনে ইতিমধ্যে চুনকাম করা হয়েছে। টিন বাজার এলাকার শরিফ ভবনটির সংস্কারকাজ চলছে। নাম প্রকাশের অনিচ্ছুক শরিফ ভবনের সামনের এক দোকানি বলেন, পৌরসভা থেকে ভবন ভেঙে ফেলার চিঠি পাওয়ার পর মালিক সংস্কারকাজ শুরু করেছেন।
জাফর ও শরিফ ভবনের মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মুহামঞ্চদ কাইয়ূম চৌধুরী বলেন, ‘চিঠি পাওয়ার পর অনেকে ভবন সংস্কার ও রং করে পার পাওয়ার চেষ্টা করছেন। সম্প্রতি কয়েকটি ভবনে গিয়ে সংস্কারকাজ বন্ধ রেখে অপসারণের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়ে এসেছি।’
পৌর মেয়র মো. শাহিন বলেন, ‘ঝুঁকিপূর্ণ ভবন অপসারণের কার্যক্রম স্থগিত করার জন্য নানা মহল থেকে চাপ আসছে। শুধু বলব, জননিরাপত্তার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না।’