পুরোনো ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের আবদুল মান্নান প্রাথমিক বিদ্যালয়টির জন্য বছর খানেক আগে একটি নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়েছিল। কিন্তু মাটি দেবে যেতে শুরু করায় কাজ বন্ধ করে দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। কিছু দিন ধরে পুরোনো পাকা ভবনটিও একটু একটু করে দেবে যেতে শুরু করে। ফাটলও দেখা দিয়েছে সেটিতে। এ অবস্থায় এ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান চলছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৬ সালে স্থাপিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১৫৮ জন শিক্ষার্থী রয়েছে। পুরোনো ভবনটিতে স্থান সংকুলান না হওয়ায় পাশেই নতুন ভবন করা হচ্ছিল। কিন্তু মাটি দেবে যেতে শুরু করায় আতঙ্কে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসা বন্ধ করে দিচ্ছে। চলতি বছরের ৩০ জুনের মধ্যে কাজটি শেষ হওয়ার কথা ছিল।
এলজিইডি সূত্র জানায়, পিইডিপি-৩ প্রকল্পের আওতায় প্রায় ৫১ লাখ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণের দায়িত্ব পান মৌলভীবাজারের ঠিকাদার সাইফুল ইসলাম। এলজিইডির অনুমোদিত ‘ইউনাইটেড সয়েল’ নামের সিলেটের একটি বেসরকারি প্রতিষ্ঠানকে দিয়ে নির্ধারিত স্থানের মাটির ধরন পরীক্ষা করানো হয়। তারপর গত বছরের ২ জুলাই কাজ শুরু হয়। প্রায় পাঁচ ফুট গভীরতার গর্ত খুঁড়ে কাঠের বল্লি বসাতে (পাইলিং) শুরু করেন শ্রমিকেরা। কিন্তু একপর্যায়ে মাটির অবস্থা খারাপ দেখে কাজ বন্ধ করে দেন ঠিকাদার।
সরেজমিনে দেখা গেছে, পুরোনো ভবনের পাশে নতুন ভবন নির্মাণের জন্য খোঁড়া গর্তে বৃষ্টির পানি জমে আছে। এদিকে চার কক্ষবিশিষ্ট পুরোনো ভবনটিও পেছনের দিকে সাত-আট ইঞ্চি দেবে গেছে। শুধু তা-ই নয়, পুরোনো ভবনের একাধিক শ্রেণীকক্ষের দেয়ালে ফাটলও সৃষ্টি হয়েছে। এরই মধ্যে সেখানে পাঠদান চলছে।
প্রধান শিক্ষক মিনারা বেগম বলেন, ‘নতুন ভবনের কাজ শুরুর কিছুদিন পরই পুরোনো ভবনটি দেবে যেতে শুরু করে। ভয়ে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসা কমিয়ে দিয়েছে। আমরাও (শিক্ষক) ভয়ে ভয়ে থাকি। ভবনে ফাটলও দেখা দিয়েছে। কখন যে দুর্ঘটনা ঘটে, বলা যায় না। কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় আমরা কোথাও যেতেও পারছি না।’ তিনি জানান, গত ২৬ ফেব্রুয়ারি লিখিতভাবে বিষয়টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। শিক্ষা কর্মকর্তা গত ৭ মার্চ সরেজমিনে পরিস্থিতি দেখে বিদ্যালয়টি ‘ঝুঁকিপূর্ণ’ বলে মন্তব্য করে গেছেন। তবে বিকল্প ব্যবস্থা নেওয়ার কোনো নির্দেশ তিনি দেননি।
এলজিইডির উপজেলা প্রকৌশলী সাঈফুল আজম বলেন, ‘ঢাকার প্রধান কার্যালয় থেকে পাঠানো নকশা অনুযায়ী পাঁচ ফুট গর্তসহ আরও ২০ ফুট গভীরতায় পাইলিং করে মাটি নরম পাওয়া গেছে। এ অবস্থায় ভবন নির্মাণ ঝুঁকিপূর্ণ মনে করে আমরা কাজ বন্ধ করে দিই। পরবর্তী করণীয় সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে। এদিকে ওই অংশের মাটির অবস্থা খারাপ হওয়ায় পুরোনো ভবনটিও দেবে যাচ্ছে বলে আমরা ধারণা করছি। প্রধান শিক্ষককে পাঠদান কার্যক্রম অন্যত্র স্থানান্তর করতে পরামর্শ দেওয়া হয়েছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক ‘ইউনাইটেড সয়েল’-এর একজন প্রকৌশলী জানান, নরম মাটির কারণে তাঁরা প্রতিবেদনে ৪০ ফুট গভীরতায় পাইলিং করতে পরামর্শ দিয়েছিলেন। কিন্তু এলজিইডি ২৫ ফুট যাওয়ার পরই ভবন নির্মাণের কাজ শুরু করায় আসলে সমস্যাটা হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বিদ্যালয়টির পাঠদান কার্যক্রম অন্যত্র স্থানান্তর করা যায় কি না, সে ব্যাপারে চেষ্টা চালাচ্ছি। পরিচালনা কমিটিসহ স্থানীয় লোকজনের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।’