পুরোনো ভবনের সুরকি দিয়ে সড়ক সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার লালমোহন পৌরসভার বিভিন্ন সড়কের খানাখন্দ দীর্ঘদিনের ভবনভাঙা সুরকি দিয়ে ভরাট করা হচ্ছে। পৌরবাসীর অভিযোগ, এভাবে গর্ত ভরাট জনগণের ভোগান্তি দূর করার পরিবর্তে আরও বাড়িয়ে দিয়েছে।গত বুধবার সরেজমিনে দেখা যায়, বাজার-সড়কের গর্তগুলো ভবনভাঙা সুরকি দিয়ে ভরাট করা হচ্ছে। বৃষ্টির পানি পড়ে ওই সব গর্তে কাদা হচ্ছে। এতে ভরাট করা স্থানের ওপর দিয়ে যানবাহন চলাচলের সময় চাকা দেবে যাচ্ছে। বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক এখন লাল পানি-কাদায় ভরে গেছে। লালমোহন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত লালমোহন বাজারের হাফিজ উদ্দিন এভিনিউ, উত্তর বাজার সড়ক, বিনোদন সড়ক, মহাজনপট্টি সড়কসহ বাজারের প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে ছোট-বড় গর্ত রয়েছে।লালমোহন শহরের ৪ নম্বর ওয়ার্ডের করীম রোডের বাসিন্দা ফজলুর রহমান জানান, কয়েক বছর ধরে উপজেলার প্রধান বাজারের সড়কগুলো খানাখন্দে ভরা। বৃষ্টি হলেই শহরে পানি জমে যাচ্ছে। নিম্নমানের সুরকি দিয়ে গর্তগুলো ভরাট করায় মানুষের ভোগান্তি বেড়ে গেছে।পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম বলেন, ‘আমরা এখন মহল্লায় কাদার মধ্যে বসবাস করছি।’ লালমোহন শহর ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান জানান, লালমোহন বাজার এলাকার ছয়-সাতটি সড়কের সবগুলোই গর্তে ভরা। কিন্তু সেগুলো সংস্কার না করে পৌরসভা প্রায় শত বছরের পুরোনো ভবনভাঙা সুরকি দিয়ে গর্ত সংস্কার করা হচ্ছে। এতে বিশেষ করে ঈদের কেনাকাটা করতে আসা পৌরবাসীর ভোগান্তি কয়েক গুণ বেড়েছে।লালমোহন পৌরসভার মেয়র এমদাদুল ইসলাম বলেন, ‘বাজার এলাকার প্রায় দুই কিলোমিটার সড়ক সংস্কার করতে হবে। কিন্তু তহবিলে টাকা না থাকায় তা করতে পারছি না। ঈদের আগে জরুরি ভিত্তিতে পৌরসভার নিজস্ব সামান্য অর্থে গর্ত ভরাট করেছি। আমরা পৌরবাসীর ভোগান্তি দূর করার জন্যই এটা করেছি।’