নারায়ণগঞ্জ শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত সিটি করপোরেশনের পুরোনো মার্কেট ভবন ভাঙা নিয়ে গতকাল বুধবার সকালে উত্তেজনার সৃষ্টি হয়। ওই মার্কেটের দোতলায় জেলা বিএনপির কার্যালয় থাকায় ভবনটি ভাঙতে বিএনপির নেতা-কর্মীরা বাধা দেওয়ায় এ উত্তেজনা দেখা দেয়।সিটি করপোরেশন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত পুরোনো মার্কেটটি ভেঙে সেখানে নতুন নয়তলা মার্কেট ভবন তৈরির সিদ্ধান্ত নেয়। ওই ভবনের দোতলায় জেলা বিএনপির নেতা জাকির হোসেনের নামে ১৯৯৫ সালে ইজারা নেওয়া এক হাজার ৫৩২ বর্গফুটের একটি কক্ষে জেলা বিএনপির কার্যালয়। এক মাস আগে নতুন ভবন নির্মাণের কাজ শুরুর পরিকল্পনা থাকলেও জেলা বিএনপির ওই নেতার দায়ের করা একটি মামলার কারণে তাতে বিলম্ব হয়। তবে গত রোববার আদালত ওই মামলা খারিজ করে দেওয়ার পর ৪৮ ঘণ্টার মধ্যে মার্কেটের দোকানমালিকদের সরে যাওয়ার জন্য সিটি করপোরেশনের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়। একটি নোটিশ বিএনপির জেলা কার্যালয়েও সাঁটিয়ে দেওয়া হয়। এরপর দোকানমালিকেরা তাঁদের মালামাল সরিয়ে নেন। গতকাল বুধবার সকালে মার্কেটটি ভাঙার জন্য সিটি করপোরেশনের লোকজন সেখানে যান।খবর পেয়ে শহর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সহসভাপতি সুরুজ জামাল, নগর যুবদলের আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকারসহ নেতা-কর্মীরা সেখানে ভিড় করেন এবং ভবন ভাঙার কাজে বাধা দেন। এ সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সিটি করপোরেশনের পক্ষে প্যানেল মেয়র ওবায়েদ উল্লাহ ও কাউন্সিলর কামরুল হাসান দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করতে আসেন। তাঁরা জানান, বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করেই কার্যালয় ভাঙার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে মার্কেটের পেছনের অংশের কোয়ার্টার ভাঙার কাজে তাঁরা সহযোগিতা চান। সুরুজ জামাল প্রথম আলোকে বলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার দেশে ফিরে না আসা পর্যন্ত বিএনপির কার্যালয় ভাঙা হবে না বলে সিটি করপোরেশন থেকে মাইকে ঘোষণা দেওয়া হলে পরিস্থিতি শান্ত হয়। সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিনউল্লাহ নূরী জানান, ওই মার্কেট ভেঙে সেখানে নয়তলা ভবন নির্মাণ করা হবে। নতুন ভবন নির্মাণের পর আগে যাঁদের দোকান ছিল, তাঁদের বুঝিয়ে দেওয়া হবে।