পুরোনো মুদ্রাগুলো আপাতত জেলা ট্রেজারিতে থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার গঙ্গানগর গ্রামে মাটি খুঁড়তে গিয়ে পাওয়া পুরোনো রৌপ্য মুদ্রাগুলো জেলার ট্রেজারিতে রাখা হবে। আখাউড়ার ইউএনও জানিয়েছেন, মুদ্রাগুলো আপাতত জেলা ট্রেজারিতে রাখা হবে।
আখাউড়া উপজেলার ইউএনওর অতিরিক্ত দায়িত্বে থাকা কসবার ইউএনও মো. আরিফুল ইসলাম বলেন, পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত মুদ্রাগুলো সেখানেই থাকবে।
গত শনিবার গঙ্গানগর গ্রামের চৌধুরীবাড়ির দুর্গামন্দিরের পাশের ভিটার মাটি খোঁড়ার সময় একটি পেতলের পাত্রে ব্রিটিশ আমলের ৪৮৬টি মুদ্রা পাওয়া যায়। গঙ্গানগরের চৌধুরীবাড়ির লোকজন মুদ্রাগুলো তাঁদের পারিবারিক সম্পদ বলে নিজেদের হেফাজতে রাখার মৌখিক আবেদন করেছিলেন পুলিশের কাছে।
আখাউড়া থানার ওসি মো. মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, চৌধুরী পরিবারের পক্ষে কৃষ্ণ রায় চৌধুরী মুদ্রাগুলো তাঁদের হেফাজতে নিতে আবেদন করেছিলেন। মুদ্রাগুলো ঐতিহাসিক। এ কারণেই এগুলো এখন রাষ্ট্রের সম্পদ।
পুলিশ জানায়, মুদ্রাগুলো ট্রেজারিতে রাখা হবে বলে সেগুলো গতকাল আদালতে নেওয়া হয়নি।