পুরোনো মোবাইল দিন গ্রামীণফোনকে পাবেন উদ্যোক্তারা
পুরোনো মোবাইল ফোন সংগ্রহ করে তা উদ্যোক্তাদের মধ্যে দান করার জন্য একটি ক্যাম্পেইন শুরু করেছে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন। ‘হ্যাসট্যাগ দেয়ারখুশি’ নামের এই ক্যাম্পেইনটি রমজান এবং আসন্ন ঈদুল ফিতরের আনন্দ ছড়িয়ে দিতে চালু করার ঘোষণা দিয়েছে গ্রামীণফোন কর্তৃপক্ষ।
এই ক্যাম্পেইনের আওতায় গ্রামীণফোন গ্রাহক ও অন্যান্য প্রতিষ্ঠান থেকে ব্যবহৃত ইন্টারনেট ব্যবহার উপযোগী হ্যান্ডসেট সংগ্রহ করবে। তারপর ব্র্যাকের সহায়তায় দেশের উদ্যোক্তাদের দান করবে। গতকাল মঙ্গলবার এই ক্যাম্পেইন চালু করতে জিপি হাউসে গ্রামীণফোন ও ব্র্যাক একটি সমঝোতা চুক্তি সই করেছে।
এই উদ্যোগের মাধ্যমে গ্রাহকেরা পুরোনো ইন্টারনেট ব্যবহার উপযোগী ফোন দান করতে পারবেন। দেশজুড়ে গ্রামীণফোন সেন্টারে গিয়ে এই ফোন দান করা যাবে। প্রাপ্ত প্রতিটি ডিভাইস গ্রামীণফোন মেরামত করে ব্র্যাকের কাছে তুলে দেবে। এই হ্যান্ডসেটগুলো পরবর্তী সময়ে তরুণ ও উৎসাহী উদ্যোক্তা এবং সমাজের অনুকরণীয় ব্যক্তিদের উপহার দেবে গ্রামীণফোন। ওই হ্যান্ডসেটের সঙ্গে বিনা মূল্যে এক বছরের ফ্রি ইন্টারনেট সুবিধা দেবে জিপি।
গ্রামীণফোনের হেড অব মার্কেটিং নেহাল আহমেদ বলেন, প্রাথমিকভাবে গ্রামীণফোনের দেওয়া ৫০০ হ্যান্ডসেটের মাধ্যমে এই ক্যাম্পেইন শুরু হবে।
গ্রামীণফোন সেন্টারে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্সের অনুলিপিসহ তাঁদের পুরোনো ফোন দান করতে পারবেন গ্রাহকেরা।