
তেজগাঁও ট্রাকস্ট্যান্ডের ভেতরে গড়ে উঠেছে অর্ধশতাধিক মেরামত কারখানা। গত ডিসেম্বরে এসবের বেশির ভাগ উচ্ছেদ করা হয়েছিল। ট্রাকস্ট্যান্ডের আশপাশের পাঁচটি সংযোগ সড়কেও গড়ে উঠেছে দোকান। তেজগাঁও সাতরাস্তা থেকে কারওয়ান বাজার রেলক্রসিং পর্যন্ত সড়কটি দখলমুক্ত থাকলেও এই সংযোগ সড়কগুলোজুড়ে রাখা হচ্ছে ট্রাক-কাভার্ড ভ্যান।
গতকাল বুধবার দেখা যায়, তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে ঢোকার মুখে কাদা-ময়লা জমে আছে। স্ট্যান্ডে ট্রাক চলাচলের প্রধান সড়কে পানি। কাদা জমা সড়কটি দেখলে যে কেউ চাষের জমি বলে ভুল করবেন। সড়কটি ধরে এগোলে স্ট্যান্ডের মাঝামাঝি বেশ খানিকটা ফাঁকা জায়গা। এই জায়গার আশপাশে গড়ে উঠেছে ট্রাক মেরামত কারখানা। চলছে ট্রাকের বডি তৈরি, যন্ত্রাংশ ঝালাই আর রঙের কাজ। স্ট্যান্ডের ভেতরে শুধু ট্রাক থাকার কথা থাকলেও তা পরিণত হয়েছে ট্রাক মেরামতের কারখানায়।
মেরামতের দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, গত বছরের নভেম্বরে ট্রাকস্ট্যান্ডের ভেতরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করে ঢাকা উত্তর সিটি করপোরেশন। অবৈধ দোকানপাটের কারণে স্ট্যান্ডের ভেতরে জায়গা না থাকায় ট্রাক-কাভার্ড ভ্যান ও পিকআপ রাখা হতো ওই এলাকার প্রধান সড়ক এবং এর আশপাশের সড়কগুলো দখল করে। এখন স্ট্যান্ডের সামনের সড়কটিতে ট্রাক রাখা না হলেও আশপাশের সড়কে ট্রাক রাখা হচ্ছে।
বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান প্রথম আলোকে বলেন, স্ট্যান্ডের ভেতরে প্রয়োজনের চেয়ে অনেক বেশি গ্যারেজ হয়ে গেছে। পুরো এলাকাটাকে গ্যারেজ বানিয়ে ফেলছে। এগুলো নিয়ন্ত্রণও করা যাচ্ছে না। এগুলো সরিয়ে দিতে পারলে ভেতরে আরও বেশি ট্রাকের জায়গা হবে।
রেলওয়ে ও গণপূর্ত বিভাগের (পিডব্লিউডি) জায়গা দখল করে তেজগাঁওয়ে ট্রাকস্ট্যান্ডটি গড়ে তোলা হয়। সরকারের অনুমতি ও নিবন্ধন ছাড়াই দীর্ঘদিন ধরে প্রায় ৩৯ বিঘা জমি দখল করে রেখেছেন এই ট্রাকস্ট্যান্ডের লোকজন। স্ট্যান্ডের সামনের সাতরাস্তা থেকে কারওয়ান বাজার-সংলগ্ন রেললাইন পর্যন্ত প্রায় এক শ ফুট প্রস্থের সড়কটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে ট্রাক রেখে দখল করে রাখা হয়েছিল। গত বছরের শেষের দিকে ডিএনসিসির মেয়র আনিসুল হক ট্রাকমালিক ও শ্রমিকদের সঙ্গে দফায় দফায় আলোচনা এবং অন্তত তিনবার ট্রাকস্ট্যান্ডের ভেতরের সব স্থাপনা সরিয়ে নিতে সময় বেঁধে দেন। ২৯ নভেম্বর অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গেলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরদিন ট্রাকমালিকেরা নিজেরাই সড়ক থেকে ট্রাক সরিয়ে নেন। গত ১০ ডিসেম্বর ট্রাকস্ট্যান্ড এলাকায় এক সমাবেশ করে তেজগাঁও এলাকাকে পার্কিংমুক্ত ঘোষণা করেন আনিসুল হক।
গতকাল দেখা যায়, ট্রাকস্ট্যান্ড এবং এর আশপাশের সড়কগুলোতে গড়ে উঠেছে কয়েক শ দোকানপাট। তেজগাঁও ১ নম্বর রেলগেট-সংলগ্ন জমজম মার্কেটের পাশের সড়কে সারি দিয়ে ট্রাক রাখা। তেজগাঁও মিনি ট্রাকস্ট্যান্ড এলাকা নামে পরিচিত মদিনা মসজিদ-সংলগ্ন সড়ক পুরোটাই চলে গেছে ট্রাকের দখলে। মদিনা মসজিদ-সংলগ্ন সড়কটিতে গড়ে উঠেছে অসংখ্য ট্রাক মেরামতের দোকান। সড়কের দুই পাশে ট্রাক দাঁড় করিয়ে মেরামতের কাজ করছেন শ্রমিকেরা। মাঝের ফাঁকা জায়গা দিয়ে পাশাপাশি দুটি গাড়ি চলার উপায় নেই।
এ সড়ক থেকে ট্রাক সরিয়ে নেওয়ার পরে ডিএনসিসি কর্তৃপক্ষ সড়কটি যান চলাচলের উপযোগী করতে উন্নয়নকাজ শুরু করে। দুটি আলাদা লেন তৈরি করা হয়। সড়ক বিভাজকে গাছ ও লোহার গ্রিল লাগানো হয়েছে। তেজগাঁও সাতরাস্তা থেকে কারওয়ান বাজার সড়কটি ছিল যাত্রীদের জন্য বিভীষিকার মতো। অবৈধ পার্কিং ও যানজটের কারণে প্রায় এক কিলোমিটার সড়কটি পেরোতে ঘণ্টা খানেক লেগে যেত। এখন ৫ থেকে ১০ মিনিটেই সড়কটি পেরোতে পারছেন লোকজন।