পুরোনো রূপে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে ২০১৫ সালের ডিসেম্বর এবং ২০১৬ সালের জানুয়ারিতে মোহাম্মদপুর, কল্যাণপুর, গাবতলী, আমিনবাজার, মিরপুর ১২, আবদুল্লাহপুর, মহাখালী, তেজগাঁও ও কারওয়ান বাজার এলাকাকে পার্কিংমুক্ত ঘোষণা করা হয়। কিন্তু দেড় বছরের মাথায় পাঁচটি সড়কে আবার অবৈধ পার্কিং ফিরে এসেছে। দুটি সড়কের কিছু অংশ দখল করে গাড়ি পার্ক করা হচ্ছে। দুটি সড়ক গতকাল গিয়ে পার্কিংমুক্ত পাওয়া গেছে। যদিও এর একটি মহাখালী গত সপ্তাহে পার্কিংয়ের কবলে ছিল। প্রথম আলোয় এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর কদিন ধরে তা পার্কিংমুক্ত আছে। সড়কগুলো আবার পার্কিংমুক্ত করতে বিশেষ অভিযান চালাবে বলে জানিয়েছে সিটি করপোরেশন ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঘোষিত পার্কিংমুক্ত সড়কের মধ্যে অন্যতম ছিল মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা। নিয়মিত তদারকি না থাকায় মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা আগের অবস্থায় ফিরে গেছে। সড়কের বড় অংশ দখল করে বানানো হয়েছে অবৈধ পার্কিংয়ের স্থান। সঙ্গে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী ওঠানামা করানোয় তৈরি হচ্ছে যানজট।
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১ ডিসেম্বর ডিএনসিসির উদ্যোগে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকার সড়ক থেকে সব বাস সরিয়ে নেওয়া হয়। বাসগুলো বাসস্ট্যান্ড থেকে কিছুটা দূরে বছিলা নতুন সড়কে সরিয়ে নেওয়া হয়। নতুন সড়কে এক সারিতে বাস রাখার অনুমতি দেওয়া হয়।
গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে ৫০-৬০ গজ দূরে বছিলা সড়কের উত্তর দিকের প্রায় পুরো অংশে রাখা হয়েছে বাস। কোনো কোনো জায়গায় দুই ও তিন সারিতেও বাস রাখতে দেখা যায়। এসব বাসের মধ্যে স্বাধীন পরিবহনের ৩টি, মেশকাত পরিবহনের ৪টি, মৈত্রী পরিবহনের ৪টি, এফটিসিএল ও এমটিসিএলের ৭টি, মালঞ্চ পরিবহনের ২টি, তরঙ্গ প্লাসের ১টি এবং ১৩ নম্বর রুটের ১টি বাস ছিল।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সড়কে বাস পার্কিং করায় সড়কটি অনেক সংকীর্ণ হয়ে পড়েছে। স্কুল ও অফিসে যাতায়াতের সময় যানবাহনের চাপ বাড়লে এই সড়কে তীব্র যানজট লেগে যায়। বাসের কারণে সড়কের একপাশ ধরে হাঁটারও উপায় থাকে না।
বাস পার্ক করা ছাড়াও বাসস্ট্যান্ড থেকে একটু দূরে সড়কের ওপর বসানো হয়েছে মালঞ্চ ও তরঙ্গ বাসের কাউন্টার। কাউন্টারের সামনে সব সময় দুই থেকে তিনটি বাস দাঁড়িয়ে থাকে। বাসের কাউন্টার ও বাসস্ট্যান্ডের বটতলার মাঝামাঝি বাঁশবাড়ি সড়কের প্রান্তটি বানানো হয়েছে লেগুনার স্ট্যান্ড। এখানে সারা দিন ১৫ থেকে ২০টি লেগুনা দাঁড়িয়ে থাকে। বাস কাউন্টার ও লেগুনা সড়ক দখল করায় সড়কের অবশিষ্ট অপ্রশস্ত অংশ দিয়ে চলছে অন্যান্য যানবাহন। এতে সড়কের এই অংশে যানজট লাগছে।
মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন মহাখালী, আবদুল্লাহপুর, মতিঝিল, পুরান ঢাকার গেন্ডারিয়া, মিরপুর রুটে শতাধিক বাস চলাচল করে। গতকাল দুপুরে দেখা গেছে, বাসস্ট্যান্ড থেকে ছাড়ার সময় শুধু মালঞ্চ বাস ছাড়া সব বাসই বাসস্ট্যান্ডের মুখে এসে থেমে যায়। বাসে অতিরিক্ত যাত্রী তুলতে বাসচালকেরা ঠায় দাঁড়িয়ে থাকেন। এর ফলে বাসস্ট্যান্ডের মুখে শুরু হয় যানজট।
আবুল কাশেম নামের এক রিকশাচালক বলেন, এই মোড়ে সকাল থেকে রাত ১০-১১টা পর্যন্ত যানজট লেগে থেকে। মোড় পার হতেই অনেক সময় ১৫-২০ মিনিট সময় লাগে।
মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এক সদস্য বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে তাঁরা সর্বোচ্চ চেষ্টা করছেন। সড়কের তুলনায় গাড়ি বেশি হওয়ায় যানজট হয়। তিনি বলেন, মোড়ে যানজট এড়াতে বিআরটিসির বাস ডিপোর একটি অংশ নিয়ে মোড়টি সম্প্রসারিত করার পরিকল্পনা আছে। এটি হলে মোড়ে যানজট কমে আসবে।
এ ব্যাপারে ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অজিওর রহমান বলেন, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা পার্কিংমুক্ত রাখতে নিয়মিত তদারকি আছে। পার্কিং ফিরে আসার বিষয়টি ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগকে জানানো হবে।
পার্কিংমুক্ত ঘোষিত আরেকটি সড়ক মহাখালী বাস টার্মিনাল এলাকায় গতকাল গিয়ে দেখা গেছে, আন্তজেলা বাস টার্মিনালের সামনে থেকে সাতরাস্তা পর্যন্ত সড়কে কোথাও বাস দাঁড় করিয়ে রাখা হয়নি। তবে সড়কে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে।
স্থানীয় দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, এক সপ্তাহ আগেও মহাখালী টার্মিনালের সামনের চিত্র এমন ছিল না। পুরো সড়কে পার্কিং ফিরে এসেছিল। প্রসঙ্গত, ১৭ আগস্ট মহাখালীর এই সড়ক নিয়ে ‘রাস্তাই এখন বাস টার্মিনাল’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর রাস্তায় বাস পার্ক করতে বাধা দেয় পুলিশ।
এই সড়ক সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক উত্তর বিভাগের সহকারী কমিশনার (মহাখালী) আশরাফ উল্লাহ বলেন, দিনে এই সড়কে পার্কিংয়ের কোনো সুযোগ নেই। তবে টার্মিনালে স্থান সংকুলান না হওয়ায় রাতে কিছু বাস শিল্পাঞ্চল থানার পাশের সড়কে এক সারিতে রাখতে দেওয়া হয়। ভোরে বাসগুলো চলে যায়।
পার্কিংমুক্ত ঘোষিত সড়কগুলোর মধ্যে এখনো সবচেয়ে ভালো আছে তেজগাঁও সাতরাস্তা থেকে কারওয়ান বাজার সড়কটি। এই সড়কে গতকাল বিকেলে কোনো ট্রাক বা বাস দাঁড়িয়ে থাকতে দেখা যায়নি। ২০১৫ সালের ১০ ডিসেম্বর ডিএনসিসি এই সড়ক পার্কিংমুক্ত ঘোষণা করেছিল।