>* আইন পর্যালোচনায় কমিটি * বক্স কালভার্ট এই মুহূর্তে উন্মুক্ত করা সম্ভব নয়: ওয়াসার এমডি
ঢাকা ও চট্টগ্রাম মহানগরে জলাবদ্ধতা নিরসন নিয়ে আলোচনায় পুরোনো সব সমস্যাই উঠে এল। কিন্তু এই সমস্যা সমাধানের জন্য সুনির্দিষ্ট কোনো কর্মসূচিই ঠিক হয়নি। তবে আগামী বছর থেকে বৃষ্টি হওয়ার তিন ঘণ্টার মধ্যে পানি নেমে যাওয়ার অঙ্গীকার করা হয়েছে আবারও।
বর্ষা মৌসুমে ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ মহানগরসহ সংলগ্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে গতকাল মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় পুরোনো সমস্যাগুলো তুলে ধরা হয়। এগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন উপস্থিত সিটি করপোরেশনের মেয়র, ওয়াসা ও সিটি করপোরেশনগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁদের প্রায় সবাই জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন, ওয়াসাসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে তীব্র সমন্বয়হীনতার কথা উল্লেখ করেন।
সভায় ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় জলাবদ্ধতা নিরসনের কাজ সমন্বিতভাবে করার জন্য ওয়াসা ও সিটি করপোরেশনের বিদ্যমান আইনগুলো পর্যালোচনা করার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব নাসরীন আকতারকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এবার ভারী বা টানা বৃষ্টি হলেই ঢাকা ও চট্টগ্রাম মহানগরে জলাবদ্ধতা হচ্ছে। গত ২৬ জুলাই ভয়াবহ জলাবদ্ধতায় রাজধানী প্রায় অচল হয়ে পড়েছিল। চট্টগ্রামেও মাঝেমধ্যে এমন অবস্থা হচ্ছে। গতকাল বিকেলে যখন জলাবদ্ধতা নিরসন নিয়ে সচিবালয়ে সভা চলছিল বাইরে তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সভা শেষে বাইরে এসে দেখা যায়, সচিবালয় প্রাঙ্গণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। নগরের আরও কিছু এলাকায় জলাবদ্ধতা হয়। ফলে অফিস শেষে ঘরমুখী এবং পথচলতি মানুষকে বিড়ম্বনায় পড়তে হয়।
বিশেষজ্ঞরা বলছেন, খালসহ জলাধারগুলো বেদখল ও ভরাট, নগরের আশপাশের নিম্নাঞ্চল ভরাট হয়ে যাওয়া জলাবদ্ধতার অন্যতম কারণ। এ ছাড়া বর্জ্যের কারণে কৃত্রিম নালাগুলোও ঠিকমতো সচল থাকে না। ফলে বৃষ্টি হলেই জলাবদ্ধতা হচ্ছে। এই সমস্যা নিরসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে রয়েছে সমন্বয়হীনতা। গতকালের সভায়ও ঘুরিয়ে-ফিরিয়ে এ বিষয়গুলোই আলোচনা করা হয়।
সভায় সভাপতির বক্তৃতায় স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনও সমন্বয়হীনতার কথা উল্লেখ করেন। তিনি আবারও বলেন, আগামী বছর থেকে বৃষ্টি হওয়ার তিন ঘণ্টা পর জলাবদ্ধতা থাকবে না।
সভার শুরুতেই ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খান ঢাকার জলাবদ্ধতার কারণগুলো তুলে ধরেন। তিনি বলেন, ঢাকায় ১২ শতাংশ জলাধার থাকার কথা ছিল। কিন্তু আছে মাত্র ২ শতাংশ। পানি ধরে রাখার জায়গা নেই। ঢাকা শহর সম্পূর্ণ ঢাকা। বৃষ্টির পানিও মাটির নিচে যেতে পারে না। ঢাকার আশপাশের নিম্নাঞ্চলের বেশির ভাগ ভরাট হয়ে বাড়িঘর করা হয়েছে। প্রাকৃতিক উপায়ে পানিনিষ্কাশনের সব পথ বন্ধ। এখন কৃত্রিম ব্যবস্থায় নিষ্কাশন হচ্ছে। তিনি বলেন, ‘ঢাকাকে বালতি বানিয়ে ফেলছি। এখান থেকে পানি ফেলতে হচ্ছে।’ জলাবদ্ধতা নিরসনে তিনি বিভিন্ন পদক্ষেপের সঙ্গে খালগুলো উদ্ধারে জোরালো পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।
এ পর্যায়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিচ্ছিন্নভাবে কাজ করা যাবে না। কাজ করতে হবে সমন্বিতভাবে। ওয়াসা সৃষ্টি হয়েছে ১৯৬৩ সালে। এত বছরেও আইন পরিবর্তন হবে না, তা ঠিক কথা নয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেন, জলাবদ্ধতা নিরসনে প্রকৃতিগতভাবে ফিরে যেতে চাইলে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করতে হবে। এ জন্য শুধু কমিটি করলে হবে না। ‘অথরিটি’ না হলে ফল আসবে না। বর্তমানে যেভাবে চলছে সেভাবে করতে চাইলে স্থানীয় সরকারমন্ত্রীর নেতৃত্বে সমন্বয়ের কাজ হতে পারে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, চট্টগ্রামে সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা আছে। তিনি সেখানকার জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে জোয়ার-ভাটার কথা উল্লেখ করেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, নারায়ণগঞ্জ শহরে বেশি সমস্যা হয় না। যে সমস্যা তাঁকে বিব্রত করে তা হলো ডিএনডি বাঁধ এলাকা। সেখানকার জন্য প্রায় ৫০০ কোটি টাকার প্রকল্প হচ্ছে জানিয়ে তিনি বলেন, এই প্রকল্পের কাজটি সেনাবাহিনী করে দেবে। তিনি নারায়ণগঞ্জের ১০-১২টি খাল ও ২৭টি পুকুর সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থার দাবি করেন।
সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলামসহ উপস্থিত অন্য কর্মকর্তারাও বক্তব্য দেন।
‘এই মুহূর্তে বক্স কালভার্ট উন্মুক্ত করা সম্ভব নয়’
গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে ঢাকার খালের ওপর করা বক্স কালভার্টগুলো উন্মুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে সাংবাদিকেরা গতকাল স্থানীয় সরকারমন্ত্রীর কাছে প্রশ্ন করলে তিনি ঢাকা ওয়াসার এমডির কাছে জানতে চান। তখন ওয়াসার এমডি বলেন, তাঁরা ২০০৯ সালের পর আর কোনো বক্স কালভার্ট করেননি। বর্তমানে ঢাকায় ১৫ কিলোমিটার বক্স কালভার্ট আছে। বক্স কালভার্ট থেকে উন্মুক্ত থাকা ভালো।
এ সময় মন্ত্রী বক্স কালভার্টগুলো খুলে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তবে ওয়াসার এমডি বলেন, এই মুহূর্তে তা সম্ভব নয়। পরে এ বিষয়ে কী করা যায় তা নিয়ে বিস্তারিত পরিকল্পনা দিতে ওয়াসার এমডিকে নির্দেশ দেন মন্ত্রী।